প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ২০:৫৯ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ২২:৩৪ পিএম
ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি একজন বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, লেখক ও বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার। তিনি ২০০৭-২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল।
১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন সাখাওয়াত হোসেন। তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন। তিনি করাচি থেকে ১৯৬৩ সালে এসএসসি ও ১৯৬৫ সালে করাচির ইসলামিয়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেন।
করাচি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যায়নকালে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৬ সনে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং দেশ স্বাধীন হওয়ার পর প্রায় দু’বছর পাকিস্তানের বন্দি শিবিরে কাটিয়ে ১৯৭৩ সনে দেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কুমিল্লা সেনানিবাসে যোগ দেন।
১৯৭৫ সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় ৪৬ ব্রিগেডে স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৭৯-৮১ সালে ঢাকায় সেনাসদরে গুরুত্বপূর্ণ পদে অপারেশন ডাইরেক্টরেট নিয়োজিত হন। পরে তিনি ব্রিগেডের অধিনায়ক হিসেবে দুটি ইনফেনট্রি ব্রিগেড ও একটি আর্টিলারি ব্রিগেডের অধিনায়ক ছিলেন।
তিনি বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে বিশ্ববিখ্যাত ইউ এস এ কমান্ড অ্যান্ড স্টাফ জেনারেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তিনি পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স এ ডি সি ইসলামাবাদ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স এবং ২০১১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্, ঢাকা থেকে এমফিল ডিগ্রি লাভ করেন।
২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের জাতীয় এবং স্থানীয় সরকারের ৫ হাজারের বেশি নির্বাচন অনুষ্ঠানের অভিজ্ঞতা রয়েছে তার।
চাকরি ও নির্বাচন কমিশন থেকে অবসরের পর তিনি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে গবেষণার কাজ করছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার কলামিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক। এ পর্যন্ত তার ২৩টি বহুল পঠিত বই প্রকাশিত হয়েছে। নিরাপত্তা ও ভূ-রাজনীতি এবং নির্বাচন বিষয়ে বিশ্লেষক হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত।
এ ছাড়া তিনি বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দুই বছর।