প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ২০:৩৩ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ২১:৪০ পিএম
মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষার্থী সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে দিয়েছেন নেতৃত্ব। কোটা সংস্কার আন্দোলনই শেষে পরিণত হয়েছিল সরকার পতনের আন্দোলনে।
তাদের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পথ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের সংকটময় সময়ে দেশের হাল ধরছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এই দুই তরুণ।
এর মধ্যে নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম। তার জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। নাহিদ সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আর কুমিল্লার মুরাদনগরের ছেলে আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি আদমজী ক্যান্টমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন।
কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় এলেও তারা মূলত গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও পরবর্তীতে ডাকসু সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন সংগঠন গণঅধিকার পরিষদ থেকে বের হয়ে সংগঠনটির সহসভাপতি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গঠন করা হয় গণতান্ত্রিক ছাত্রশক্তি। গত বছরের ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনের সামনে সম্মেলন করে যাত্রা শুরু করা সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ।