প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১৫:৩৪ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ১৫:৩৬ পিএম
বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কার্যক্রম বন্ধ আছে। দূতাবাসের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর মধ্যে যারা ভারতীয় ভিসা আবেদনের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, তাদেরকে পাসপোর্ট ফেরত পেতে visahelp.dhaka@ mea.gov.in অথবা [email protected] এই দুটি ই-মেইল অ্যাড্রেসে আবেদন করতে বলা হয়েছে।
সূত্রে জানা গেছে, গতকাল বুধবারই বাংলাদেশ থেকে দূতাবাসের ১৯০ জন কর্মী ও তাদের পরিবারকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে। যাদের ফিরিয়ে নেওয়া হয়েছে তারা নন-এসেনশিয়াল কর্মী বা অত্যন্ত জরুরি কর্মী নন। পদস্থ কর্মী ও কূটনীতিকরা বাংলাদেশে আছেন এবং দূতাবাস খোলা থাকবে বলেও জানানো হয়েছে।
এর আগে গত ৪ অগাস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অ্যাডভাইসারি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশে থাকা ভারতীয়দের অত্যন্ত সতর্ক থাকতে ও গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে বলা হয়েছিল। ভারতীয় নাগরিকদের ঢাকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও অনুরোধ করা হয়েছিল। তার জন্য তিনটি এমার্জেন্সি ফোন নম্বরও দেওয়া হয়েছিল।
দেশটির সংসদে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছিলেন, বাংলাদেশে সেনা কর্তৃপক্ষের সঙ্গে ভারত যোগাযোগ রাখছে।
জানা গেছে, ভারতীয় সীমান্তেও যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে। একমাত্র মেডিক্যাল ভিসা থাকলে তবেই দেশটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। গত ৪ অগাস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সতর্কতা জারি করেছিল, যেখানে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে এবং বাংলাদেশে থাকা ভারতীয়দের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের সব কার্যক্রম গত ৬ অগাস্ট থেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। এর মধ্যে গতকাল বুধবার বাংলাদেশে কর্মরত মার্কিন নাগরিকদের জন্য এক সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই সতর্কতায় ঝুঁকির মাত্রা লেভেল ফোর বলে উল্লেখ করা হয়েছে। এই মাত্রার সতর্কতার মাধ্যমে বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং দূতাবাসে জরুরি নন এমন কর্মকর্তাদের দেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশে চলমান অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসের কারণে দেশটিতে কর্মরত মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার জন্য বলা হয়েছে।
গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনামলের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশে কার্যত কোনো সরকার নেই। আজ বৃহষ্পতিবার রাত ৮টায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তবর্তীকালীন গঠনের কথা রয়েছে। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।