প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ২০:৫৪ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ০০:৪৭ এএম
নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়।
বুধবার (৭ আগস্ট) ফেসবুক লাইভে এসে এ আহ্বান জানান তিনি। এর আগে এ দিন ঢাকায় বিশাল সমাবেশ করে বিএনপি। সমাবেশে প্রায় সাত বছর পর নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে। অনেককে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বড় গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না।’
জয় বলেন, ‘আমরা বলেছিলাম, আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীর ওপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।’
দুই মিনিট ৩৯ সেকেন্ডের বার্তায় সজীব ওয়াজেদ আরও বলেন, বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে তিনি বলেন, ‘আপনার সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না। আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। দেশকে, আওয়ামী লীগকে রক্ষা করা জন্য যা প্রয়োজন, আমরা করতে প্রস্তুত।‘
ক্ষমতায় যারা আছে তাদের দৃষ্টিআকর্ষণ করে জয় বলেন, ‘আমরা গণতান্ত্রিক, শৃঙ্খল বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।’
তিনি বলেন, শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না।