আইজিপির ভিডিওবার্তা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ১৭:২৯ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ১৮:১৩ পিএম
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
‘আত্মগোপনে’ থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশের স্থাপনা ও পুলিশ সদস্যদের ওপর হামলা থামাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতাদের কাছে সহযোগিতা চেয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) অজ্ঞাতস্থান থেকে এক ভিডিও বার্তায় তিনি এ সহযোগিতা চান। পুলিশ সদর দপ্তর থেকে আইজিপির ভিডিওবার্তা বিভিন্ন গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়।
ভিডিওবার্তায় আইজিপি বলেছেন, পুলিশের বিভিন্ন থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় দেশপ্রেমিক সেনাবাহিনী সহযোগিতা করছে। বিভিন্ন থানাসহ পুলিশের স্থাপনায় হামলা যাতে না হয়, সেজন্য সাধারণ মানুষকে অনুরোধ করার আহ্বান জানাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতাদের প্রতি।
নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, আহত পুলিশ সদস্যদের চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যদের করা বিভিন্ন দাবি সমাধান করারও আশ্বাস দেন তিনি।