প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১৫:৫৭ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ১৭:১৬ পিএম
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : ভিডিও থেকে নেওয়া
অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৫ আগস্ট) বিকালে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এরই মধ্যে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি আন্দোলরত শিক্ষার্থীদের উদ্দেশে এরই মধ্যে বার্তা দিয়েছেন।
সেনাপ্রধান বলেন, প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার করা হবে। আমি দায়িত্ব নিচ্ছি। আমি কথা দিচ্ছি। আপনাদের দাবি পূরণ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে যাত্রা করব। কেউ সংঘাতের পথে যাবেন না। সম্পদের ক্ষতি হচ্ছে। লোক মারা যাচ্ছে। এগুলো থেকে বিরত হন।’