প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ২১:২৪ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪ ২১:৪৮ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : সংগৃহীত
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (২৯ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের আগামী ১, ৪ ও ৫ আগস্ট অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ পাবেন।