প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১৫:৪৯ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪ ১৬:১৪ পিএম
ফাইল ছবি
কোটা আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় আন্দোলন। ১৫ জুলাই এসে সহিংসতায় রূপ নেয় এ আন্দোলন। ১৬ জুলাই ঢাকাসহ কয়েকটি স্থানে আন্দোলনের মধ্যে সহিংসতায় প্রাণহানি হয়। এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন, সহিংসতায় বাড়তে থাকে প্রাণহানি।
আন্দোলনে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার।
এদিকে কোটা আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় ১৪৭ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে
সাংবাদিকদের ব্রিফকালে তিনি এমন তথ্য দিয়েছেন।