প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ২৩:০০ পিএম
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান। ফাইল ফটো
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান রবিবার (২৮ জুলাই) শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর পরিদর্শন করেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী প্রধান শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য কর্মরত বিমান বাহিনীর সদস্যদের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আইএসপিআর আরও জানায়, দেশের অভ্যন্তরীণ বিমান বন্দরসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে 'ইন এইড টু সিভিল পাওয়ার'- এর আওতায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সহায়তার জন্য দেশের অন্যান্য বিমান বন্দরের মতো শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিমান বাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্সের সদস্যবৃন্দ সর্বদা কর্মরত রয়েছে। বিমান বাহিনী প্রধানের সার্বিক নির্দেশনায় এ বাহিনীর প্রতিটি সদস্য দেশের যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় এবং দেশমাতৃকার সেবা করতে সদা প্রস্তুত। এছাড়াও বিমান বাহিনীর সদস্যবৃন্দ চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, ইস্টার্ন রিফাইনারি, বিভিন্ন ফুয়েল ডিপো (পদ্মা অয়েল, মেঘনা অয়েল) ইত্যাদি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিয়মিত টহল এবং নিরাপত্তা সহায়তা দিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়ক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমান সদরের পরিচালকবৃন্দ এবং ঘাঁটির কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সদস্যরা।