× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবি অফিসে মারজুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১৮:৫৩ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৪ ১৯:৫০ পিএম

রবিবার ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মারজুক রাসেল। ছবি : সংগৃহীত

রবিবার ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মারজুক রাসেল। ছবি : সংগৃহীত

বেশকিছু দিন ধরেই বিষয়টি নিয়ে বেকায়দায় আছেন জনপ্রিয় অভিনেতা ও গীতিকার মারজুক রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বনামেই সক্রিয় তিনি। তার পোস্ট নিয়ে ভক্ত-অনুসারীদেরও আগ্রহের কমতি নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে মারজুকের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক বিভিন্নমাধ্যমে খোলা হয়েছে অজস্র ভুয়া আইডি ও পেজ। এসব আইডি ও পেজ থেকে স্পর্শকাতর নানা ইস্যুতে বক্তব্য বা মন্তব্য প্রচার হচ্ছে হরদম। মারজুক অবগত না হলেও তার বক্তব্য ভেবে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। ভুয়া পেজ থেকে ভক্ত-অনুসারীদের সতর্ক থাকতে এর আগে একাধিকবার আহ্বানও জানিয়েছেন মারজুক, কিন্তু তাতে লাভ হয়নি। বরং সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনের সময় মারজুকের নামে খোলা ভুয়া পেজ থেকে বিভ্রান্তি ও উসকানিমূলক বহু পোস্ট শেয়ার করা হয়েছে। এ নিয়ে ভীষণ বিব্রত মারজুক। বিষয়টি সুরাহার জন্য অবশেষে তিনি দারস্থ হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। 

ভুয়া পেজ নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে রবিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান মারজুক। সেখানে তিনি ডিবিরপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করে নিজের সমস্যার বিষয়টি অবগত করেন।

পরে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মারজুক রাসেল। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে লক্ষ করছি, আমার ছবি ও নাম ব্যবহার করে সো কল্ড ফ্যান পেজ, এই পেজ, সেই পেজ অনেক গজায় উঠছে। বিভিন্ন রকম উসকানিমূলক পোস্ট সেখান থেকে দেওয়া হচ্ছে। সেখানে নানা রকম সরকারবিরোধী পোস্ট, সরকারপ্রধানদের হেয় করে পোস্ট করা হচ্ছে। সম্প্রতি যে আন্দোলন হয়ে গেল, এটাকে ঘিরে নানান রকম উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ইস্যুকে অস্থিতিশীল করে তুলতে যে ধরনের লেখা লিখতে হয় সেভাবে লেখাও হচ্ছে। অথচ, এসব কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ কারণে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে ভালো করে চেনে, বিশেষ করে আমার অ্যাকটিভিটিস, লেখালেখি, অভিনয়, আমার জীবনযাপনের ধরন সম্পর্কে ডিটেইলে জানে, তারা ছাড়া অধিকাংশই কনফিউজ হচ্ছে। তারা মনে করছে এটা আমার পেজ। সবাই তো আমার লেখা, জীবনযাপন সম্পর্কে জানবে না। কারণ, গত ১৫-২০ বছরে বেড়ে ওঠা প্রজন্মের অনেকেই আমাদের জেনারেশনের সম্পর্কে অনেক কিছু জানে না।’

মারজুক আরও বলেন, ‘দেশ-বিদেশের এত মানুষ কনফিউজ হচ্ছে, তাই আমাকে ডিবি অফিসে আসতে হয়েছে। এগুলো কারা করছে তা আমি জানি না। যারা এসব করছে, তাদের বিরুদ্ধে কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে কথা বলতে ডিবি অফিসে এসেছি।’

ভক্ত-অনুসারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মারজুক বলেন, ‘আমার একটাই পেজ। সেখানে আমার অ্যাক্টিভিটি মাঝে মাঝে জানাই। আমার খাবারদাবার সংক্রান্ত, আমার কাজ, বিশেষ করে আমার লেখা কবিতা ভিডিও করে দিই। বাংলা ভাষাভাষীর যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, তাদের বলতে চাই ভুয়া পেজগুলোর পোস্টে কনফিউজ হবেন না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা