× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতাকর্মীদের প্রতি আহ্বান

অসহায় মানুষের পাশে দাঁড়ান : প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ১৩:৩৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার তার কার্যালয়ে বিদায়ি সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকতার ভেনডসেন। ছবি : পিএমও

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার তার কার্যালয়ে বিদায়ি সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকতার ভেনডসেন। ছবি : পিএমও

সারা দেশের নিম্নবিত্ত, গরিব ও খেটে খাওয়া মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী বলেছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি বলবৎ করার কারণে সারা দেশে সাধারণ মানুষের জীবন অচল হয়ে পড়ে। পাশাপাশি বিএনপি-জামায়াত শিবির সংঘবদ্ধভাবে মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা ও বাড়িঘরে অগ্নিসংযোগ এবং তছনছ করে। বাস-ট্রাকসহ সরকারি-বেসরকারি অসংখ্য যানবাহনে আগুন দিয়ে ধ্বংস করছিল। এমতাবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা এবং জীবন-জীবিকা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সরকার ২০ জুলাই সাময়িকভাবে সান্ধ্য আইন জারি করতে বাধ্য হয়। 

তিনি আরও বলেন, এর ফলে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের উপার্জনের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে যারা প্রতিদিনের উপার্জনে সংসার নির্বাহ করেন, যেমন রিকশাচালক, ভ্যানচালক ফেরিওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, পরিবহন শ্রমিক ইত্যাদি নানা পেশার মানুষের নিদারুণ কষ্টের মুখে পড়তে হয়েছে। এমতাবস্থায় আমি আমার দল আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে উদাত্ত আহ্বান জানাচ্ছি। 

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা করোনাভাইরাস মহামারির সময় সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন, বর্তমান এই ক্রান্তিকালেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। পাশাপাশি আমি সমাজের ব্ত্তিবানদের প্রতিও অনুরোধ করব, আপনারাও আপনাদের আশপাশের গরিব, দুঃখী, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিন। 

এদিকে একই দিন মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিকটার স্ভেন্ডসেন বিদায়ি সাক্ষাৎ করেন। এই সময় শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোকে পছন্দ করতেন। কারণ এই দেশগুলো সোশ্যাল সার্ভিস নিশ্চিত করে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে সমৃদ্ধ একটা দেশ করবেন। এই সময় রাষ্ট্রদূত নরওয়েতে বাংলাদেশের একটা দূতাবাস খোলার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী বলেন, সুবিধাজনক সময়ে এটা করা হবে।

চলমান কোটা ইস্যু নিয়ে আলাপ হয় বৈঠকে। কোটা নিয়ে আদালতের রায় এবং সরকারের প্রজ্ঞাপনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত। এ ছাড়া কোটা আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি এবং হতাহতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে জেনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত। জাহাজ ভাঙা শিল্প নিয়ে আলাপ হয়। রাষ্ট্রদূত বলেন, জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশ যে উন্নতি করেছে এটা বিশ্বমানের। জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশ নাম্বার ওয়ান হতে পারে। ফিলিস্তিনের প্রতি সহানুভূতি এবং সমর্থন জানানোয় নরওয়েকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রদূত বলেন, ঐতিহাসিকভাবে নরওয়ে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল। রাষ্ট্রদূত বিভিন্ন সেক্টরের বাংলাদেশের অর্জন এবং সফলতার প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

আওয়ামী লীগের জরুরি বৈঠক

এদিকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের নিয়ে বৈঠক করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই বৈঠকে তিনি জানান, আন্দোলনের সময় নেতাদের কার কী ভূমিকা ছিল, বিশেষ করে কারা মাঠে ছিল না তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন সভাপতি শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলটির ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এমপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নেত্রী (শেখ হাসিনা) সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছেন এবং আমাদের সকলকে চোখ-কান খোলা রাখার নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা