প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ১২:৩৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪ ১২:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
কারফিউ শিথিল থাকা অবস্থায় দূরপাল্লার বাস চলবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। অভ্যন্তরীণ রুটের বাসের বিষয়ে বলা হয়েছে, কোম্পানিগুলো চাইলে কারফিউর নিয়ম মেনে চালাতে পারবে।
বুধবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ফলে এ সময় দূরপাল্লার বাস চলবে বলে জানান সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
এদিকে সকাল থেকে রাজধানী ও আশপাশ এলাকায় সীমিত পরিসরে বাস চলাচল শুরু হয়েছে; তাতে যাত্রীও ছিল। তবে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বন্ধ হওয়া যাত্রীবাহী ট্রেন কবে চালু হবে এ বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম। তিনি বলেন, মালবাহী ও তেলবাহী ট্রেন চালু আছে। আন্তঃনগরসহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। গত রবি, সোম ও মঙ্গলবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। আজ ঢাকাসহ পাঁচ জেলায় সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। মঙ্গলবার দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।