প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২২:০৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪ ২২:৩৭ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার বুঝে নিচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন। প্রবা ফটো
২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন।
সোমবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে মাহবুবের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
পরে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় মাহবুবকে অভিনন্দন জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। একই সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা- কর্মচারীদের ভবিষ্যতে আরও ভালো করে কাজ করার নির্দেশনা দেন তিনি।
সচিব মাহবুব মন্ত্রণালয়ের কর্মরতদের দায়িত্বশীল আচরণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও একইভাবে কাজের প্রতি আন্তরিক থাকতে পরামর্শ দেন তিনি।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. আবদুর রহিম খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন এনডিসি-সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সুশাসন সংহতকরণ এবং দুর্নীতিবিরোধী সংস্কৃতি গড়ে তোলা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকার প্রতি বছর জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করে আসছে।