প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৫:১২ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৭:২৬ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ফটো
কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উস্কানিদাতারা বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ভুল পথে নেওয়ার লোকের অভাব নেই। সেই ধরনের ঘটনাই ঘটছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উস্কানি দিয়েছে, কার দায়ী সবগুলো বিষয় তদন্তের পর বলা যাবে। যেহেতু একটি ঘটনা ঘটেছে, সেটি তদন্ত হবে। তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। তদন্তের আগে আমি কিছু বলতে পারছি না।
মামলা তুলে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কোটা আন্দোলনকারীরা, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী? সাংবাদিকদের- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারেন। মামলা তদন্তের পর যদি এটার মেরিড না থাকে, তাহলে অটোমেটিক বাতিল হয়ে যাবে। এখানে ২৪ ঘণ্টা, ১০ দিন, ২৪ দিন এগুলোর কোনো প্রশ্ন আসে না। তদন্তে যদি মামলার মেরিড থাকে, তবে বিচারব্যবস্থা শুরু হবে।
পুলিশের ব্যারিকেট ভেঙে আজও শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন, এ পরিস্থিতিতে কী ব্যবস্থা নেবেন?- জানতে চাইলে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যা করছে আমার মনে হয় তারা না বুঝেই করছেন। এটা পরিষ্কার যে আদালত বলেছেন, এ বিষয়ে আগামী ৮ আগস্ট শুনানি হবে। আদালত তাদেরও (শিক্ষার্থীদের) অংশগ্রহণ করতে বলেছেন। কিন্তু এগুলো না করে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করছেন।
এ বিষয়ে সবকিছুই এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই, কিছু থাকলে আমরা সেটার ব্যবস্থা করব- যোগ করেন আসাদুজ্জামান খাঁন কামাল।