× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে শেখ কামালের জন্মবার্ষিকী

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২ ১২:০০ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২২ ১২:৫৫ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী শুক্রবার। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন।

পুষ্পার্ঘ্য অর্পণ, সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় তার জন্মদিন উদযাপন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন

ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শুক্রবার সকাল ৮টার দিকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের নেতাকর্মীরা। এরপর বনানী কবরস্থানে তার সমাধিতে নিবেদন করা হয় শ্রদ্ধা। সেখানে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা। শহীদ শেখ কামালের রুহের মাগফিরাত কামনা করে করা হয় দোয়া

আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির আয়োজনে এদিন বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল বহুমাত্রিক অনন্য প্রতিভাবান সংগঠক’ শীর্ষক আলোচনা সভা হবে।

শহীদ শেখ কামাল ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। ’৬৯-এর গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন তিনি।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবনে হামলা চালানোর আগ মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

শেখ কামাল বাংলাদেশের প্রথম ওয়্যার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে তিনি লেখাপড়ায় মনোনিবেশ করেন।

মাত্র ২৩ বছর বয়সে দেশের প্রথম আধুনিক ক্লাব আবাহনী ক্রীড়া চক্রের জন্ম দিয়েছিলেন শেখ কামাল। বন্ধু শিল্পীদের নিয়ে তিনি গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’। শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনয় শিল্পী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন।

শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ খেলাধুলায় ব্যাপক উৎসাহ ছিল তাঁর।

বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন। তিনি বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম উৎসমুখ ছায়ানট-এর সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন।

১৯৭৫ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু খ্যাতিপ্রাপ্ত দেশবরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে তার বিয়ে হয়।


/সাদিক/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা