প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৭:১৬ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১৭:৪৬ পিএম
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক অটিজম বিশেষজ্ঞ ড. সায়মা ওয়াজেদকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহীতে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস সম্প্রসারণ, মানসিক স্বাস্থ্যসেবা ও অটিজম জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক অটিজম বিশেষজ্ঞ ড. সায়মা ওয়াজেদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রবিবার (৭ জুলাই) দুপুরে ডব্লিউএইচওর ঢাকা কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে সায়মা ওয়াজেদকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র।
এ সময় দুজনের আলোচনার পরিপ্রেক্ষিতে নগর প্রাইমারি স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণ, মানসিক স্বাস্থ্যসেবা ও বিশেষ করে অটিজম জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিষয়ে মেয়র লিটনের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সায়মা ওয়াজেদ।
এ ব্যাপারে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক ও প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি রাজশাহীবাসীর প্রাথমিক ও মানসিক স্বাস্থ্যসেবা এবং অটিজম জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডব্লিউএইচওর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা ডব্লিউএইচওর সহায়তায় রাজশাহীর স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও আলোচিত ক্ষেত্রগুলোতে উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারব। এতে নগরবাসীসহ এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। ফলে স্বাস্থ্য খাতে রাজশাহী অনেক এগিয়ে যাবে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ডব্লিউএইচওর ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম প্রমুখ।