প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৬:০৪ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ২০:৩২ পিএম
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে আরও এক বছরের জন্য চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আইজিপি হিসেবে আগের চুক্তিভিত্তিক নিয়োগে তার দেড় বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জুলাই। দ্বিতীয় দফার চুক্তিতে এ মেয়াদ শেষের দিন থেকে বা যোগদানের তারিখ থেকে আরও এক বছর আইজিপির দায়িত্ব পালন করবেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
শুক্রবার (৫ জুলাই) জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্ক দেবনাথ বাপ্পি সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে আগামী ১২ জুলাই থেকে বা যোগদানের তারিখ থেকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এক বছরের জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পরে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের দেড় বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জুলাই। এর আগে গত বছরের ৯ জানুয়ারি তার চাকরির মেয়াদ দেড় বছর বাড়িয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের দ্বিতীয় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিনি।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগ দেন।
কর্মজীবনে আবদুল্লাহ আল-মামুন পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তিরক্ষার জন্য উজ্জ্বল অবদান রেখেছেন।