মোরছালীন বাবলা
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৮:৩০ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪ ১৪:৪৯ পিএম
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলতি অর্থবছরের প্রথম একনেক বৈঠক হয়। ছবি : ফোকাস বাংলা
চলতি বছরের আগস্ট মাসে দেশে বন্যার আশঙ্কা রয়েছে জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) ধারণা করছেন, বন্যা হতে পারে। আমাদের বলেছেন প্রস্তুত থাকতে। বন্যা যদি হয়েই যায়, তাহলে আমরা যেন দ্রুত ব্যবস্থা নিতে পারি।’
একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পুলিশের থানার অবস্থা বেহাল। যারা আমাদের নিরাপত্তা দেয়, তারা যদি অনিরাপদ থাকে তাহলে তারা কীভাবে নিরাপত্তা দেবে? এজন্য দেশের সব ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানা উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
তিনি আরও বলেন, ঢাকার আশপাশে কৃষিজমি দখল করে দেখা যায় আবাসন কাজ হচ্ছে। যেখানে কিছু জমি আছে, সেখানে কৃষিকাজ যেন ব্যাহত না হয় সেই উদ্যোগ নিতে নির্দেশ নিয়েছেন সরকারপ্রধান।
ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারও উপস্থিত ছিলেন।