× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মূল্যায়ন কাঠামো চূড়ান্ত

নতুন শিক্ষাক্রমে থাকছে গ্রেডিং পদ্ধতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ০০:০৪ এএম

নতুন শিক্ষাক্রমে থাকছে গ্রেডিং পদ্ধতি

নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। নতুন শিক্ষাক্রম অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারিতে হবে এসএসসি ও সমমান পরীক্ষা। চূড়ান্ত হওয়া মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে কেউ দুই বিষয়ে ফেল করলেও এইচএসসিতে ভর্তির সুযোগ পাবে। তবে পরে ওই দুই পরীক্ষায় পাস না করলে সনদ পাবে না।

এ ছাড়া পরীক্ষায় লিখিত মূল্যায়নে ৬৫ শতাংশ ওয়েটেজ থাকবে। আর বাকি ৩৫ শতাংশ ওয়েটেজ থাকবে কার্যক্রমভিত্তিক মূল্যায়নে। মূল্যায়নে নির্ধারিত পারদর্শিতা সাতটি স্কেলে নির্ধারণ করার পাশাপাশি বোঝার সুবিধার্থে প্রচলিত গ্রেডিং পদ্ধতিও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এনসিসিসি।

গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এনসিসিসির সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্র জানায়, এনসিটিবির উপস্থাপিত পাবলিক পরীক্ষা মূল্যায়ন কাঠামোতে তেমন কোনো পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র সাত স্কেলকে আরও সহজে বোঝার জন্য ইংরেজি বর্ণ যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আর মাধ্যমিক স্তরের মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করার আগে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল দেখার সিদ্ধান্ত হয়েছে। এনসিটিবি প্রস্তাবিত সাতটি স্কেল ছিলÑ অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। এখন সাত স্কেলের সঙ্গে এ প্লাস, এ, বি, সি ইত্যাদিও যুক্ত হবে।

সূত্র আরও জানায়, বিষয়ের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্পভিত্তিক কাজ, সমস্যা সমাধান, অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। এনসিটিবি প্রস্তাবিত লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নে ৩৫ শতাংশ ওয়েটেজ রাখা, প্রতিটি বিষয়ের মূল্যায়ন বিরতিসহ পাঁচ ঘণ্টা রাখা ইত্যাদি বিষয়ে কোনো পরিবর্তন করা হয়নি। এখানে কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে, অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। 

নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বাস্তবায়ন করা হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। এরপর ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে। 

এ প্রসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মশিউজ্জামান বলেন, আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, সেটিই চূড়ান্ত করা হয়েছে। তবে কিছু বিষয় পরিবর্তনের জন্য বলা হয়েছে। পরিবর্তনসহই নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সভায় পাবলিক পরীক্ষায় মূল্যায়ন কাঠামো চূড়ান্ত হয়েছে। শিগগির এর বিস্তারিত প্রকাশ করা হবে। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণির মূল্যায়ন কাঠামো ষাণ্মাসিক মূল্যায়ন দেখার পর চূড়ান্ত করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা