প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৯:২৬ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪ ২০:০৬ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু কূটনীতিতে একযোগে সহাবস্থানে থেকে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ। তিনি বাংলাদেশের সমুদ্রসৈকত এবং মালদ্বীপের দ্বীপের সমন্বয়ে ইকোট্যুরিজমে যৌথ প্রোগ্রাম আয়োজনের প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান সম্প্রসারণ এবং তাদের কল্যাণ নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
বুধবার (২৬ জুন) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম সম্মেলনের পার্শ্ববৈঠকে মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিমন্ত্রী তরিক ইব্রাহিমকে পরিবেশমন্ত্রী এসব আহ্বান জানান।
তিনি জানান, বৈঠকে মালদ্বীপের মন্ত্রী তরিক ইব্রাহিম বাংলাদেশ থেকে ফলদ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা আমদানি এবং নার্সারি স্থাপনে সহযোগিতা চেয়েছেন।
মন্ত্রী বলেন, মালদ্বীপের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য পুনরায় উন্মুক্ত হয়েছে। ফলে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এ ছাড়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পরিবর্তন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের জিও স্যাটেলাইট ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে।
উভয় দেশের মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ইকোট্যুরিজম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন সাবের হোসেন চৌধুরী।