প্রবা প্রতিবদেক
প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৪:৩৯ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪ ২২:৫৪ পিএম
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। প্রবা ফটো
দেশে বোতলজাত পানির দাম কেন বেড়েছে, সে বিষয়ে খবর নেবেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বুধবার (২৬ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ তথ্য জানান।
বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।
দাম বাড়ানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রথম শুনলাম এটা। খবর নেব এটা, কেন বাড়ানো হয়েছে। এ ব্যাপারে আমাদের কী করণীয় অবশ্যই আমরা এটার ব্যবস্থা নেব।’
সাবান ও গুঁড়া সাবানের দাম নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘সাবান নিয়ে এর আগে কেউ প্রশ্ন করেনি। এটা নিয়ে কোনো কিছু করণীয় আছে কি না সেটা দেখব। আপনার বিষয়টি আমি গুরুত্বসহকারে নিয়েছি।’
তিনি বলেন, ‘অনেক বিষয় আছে সেটা আমাদের কি না দেখতে হবে। শিল্পগুলো শিল্প মন্ত্রণালয়ের। তাই সাবানের দাম নির্ধারণের এখতিয়ার আমাদের আছে কি না; সেটা দেখে আপনাদের জানাব।’
বাজারে আলুর দাম ৭০ টাকা কেজি, পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা কেজি এটা কি আপনি স্বাভাবিক মনে করেন কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বাজারে আলু পেঁয়াজ পর্যাপ্ত আছে, এটাকে স্বাভাবিক বলে মনে করি। দাম যৌক্তিকতার বিষয়টি আমার না। আমি দেখব, সেটা বারবার বলার চেষ্টা করতেছি।’
তিনি বলেন, ‘যেকোনো দাম নির্ভর করে বাজারের চাহিদা ও সরবরাহের ওপর। আমরা যদি সরবরাহ করতে পারি তাহলে দাম কমে যাবে। ততক্ষণ পর্যন্ত বাজারে আলু ও পেঁয়াজ কম দামে সরবরাহ না থাকবে ততক্ষণ পর্যন্ত বাজারে যে মূল্য আছে সে মূল্যটাকে আমাকে মূল্য হিসেবে দেখতে হবে। আমি চাইলেই কাউকে এমন কোনো আইন করে বলতে পারব না। পেঁয়াজের দাম এত। অন্তত আমি পারব না। সেটা কৃষি বিপণন অধিদপ্তর বলতে পারবে।’
প্রতিমন্ত্রী বলেন, আমার কাছে কৃষি উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়ার মেকানিজম নাই। আমার জানা আছে যদি দাম বেড়ে যায়, তাহলে আমদানি করে কম দামে বাজারে সরবরাহ করলে দাম কমে যাবে।