এপিএ সই
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৪:১৭ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪ ১৫:০৯ পিএম
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয় একটি টেকনিক্যাল মিনিস্ট্রি। প্রতিনিয়ত অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। নৌপরিবহন মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) ৯৬.০৬ নম্বর পেয়েছে। বৈশ্বিক পরিস্থিতিতেও ৯৬.০৬ নম্বর বাস্তবায়ন করতে পেরেছে। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। নৌপরিবহন মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের কাজ এক নয়। আগামীতে এপিএ বাস্তবায়নের জন্য আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
বুধবার (২৬ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৫ বছর ধারাবাহিকভাবে দেশ পরিচালনা করেছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তিনি ২০০৯ সালে ‘দিনবদলের সনদ’ ঘোষণা করেছেন। ধারাবাহিকভাবে চারটি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে প্রশংসা পাচ্ছি। কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করেছে বলেই এটি সম্ভব হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের অন্যতম চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতু। সেটি বাস্তবায়িত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশে পদার্পণ করেছি এবং উন্নত দেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। সততা, নিষ্ঠা, দক্ষতা ও নৈতিকতা আছে বলেই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের রোল মডেল হয়েছে। অনেক সমালোচনা আছে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে এগিয়ে যেতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নৈতিকতা ও দক্ষতা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।
২০২৩-২৪ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আনিছুর রহমান আনিছ, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রীতি রানী, অফিস সহায়ক তানজিদুল হাসান ও দেলোয়ার শেখ। মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন ১২টি দপ্তর ও সংস্থা প্রধানরা ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।