× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিকসের সদস্য হতে চীনের সমর্থন চাইলেন রাষ্ট্রপতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৭:২৬ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৪ ১৯:৫৫ পিএম

মঙ্গলবার বঙ্গভবনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

মঙ্গলবার বঙ্গভবনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

ব্রিকসের সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রতি চীনের সমর্থন চেয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৫ জুন) সকালে বঙ্গভবনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাওয়ের সঙ্গে সাক্ষাৎ করার সময় এ সমর্থন চান তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

প্রেস সচিব জানান, বাংলাদেশের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে চীন আগ্রহী বলে জানিয়েছেন সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাও।

মো. সাহাবুদ্দিন বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। পদ্মা সেতু, রেল লিঙ্ক, কর্ণফুলী টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারত্ব আগামীতে আরও জোরদার হবে।

এ ছাড়া বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে পিপল টু পিপল যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি।

রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য বড় সমস্যা উল্লেখ করে তিনি এ সমস্যা সমাধানে চীনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে খুবই গুরুত্ব দেয় চীন। আগামীতে বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে তার সরকার আগ্রহী।

এ সময় বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন, বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, জ্বালানি ও পর্যটনের প্রশংসা করেন চীনা মন্ত্রী।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা