প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১১:৫৫ এএম
আপডেট : ২৫ জুন ২০২৪ ১৪:০৯ পিএম
ভারত সফর নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ভিডিও থেকে নেওয়া
ভারতে দ্বিপক্ষীয় সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ সফর ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। আমি মনে করি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এ সফর সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
ভারত সফর নিয়ে মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুন সরকার গঠনের মাধ্যমে ঢাকা ও দিল্লি নতুনভাবে পথচলা শুরু করেছে। সে ধারাবাহিকতায় ‘রূপকল্প ২০৪১’-এর ‘স্মার্ট-বাংলাদেশ’ প্রতিষ্ঠা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’ নিশ্চিত করার জন্য ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের ব্যাপারে আমরা আলোচনা করেছি।
বিগত ১৫ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যার সুফল দুই দেশের জনগণ ভোগ করছে। বিশেষ করে ২০২৩ সালে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে। গত বছর আমি এবং ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে যোগাযোগ ও বিদ্যুৎ খাতে চারটি প্রকল্পের উদ্বোধন করেছি। বাংলাদেশ-ভারত যৌথভাবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক “মুজিব : একটি জাতির রূপকার” চলচ্চিত্র নির্মাণ করেছে। দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আমি ভারতের আমন্ত্রণে জি২০ সম্মেলনে যোগদান করেছি। বাংলাদেশ এবং ভারত দুই দেশেই নতুন সরকার গঠনের পর এ সফর অনুষ্ঠিত হলো।’
‘এ সফরকালে ভারতের নেতৃত্বের সঙ্গে আলোচনার মূল বিষয়বস্তু ছিল নবনির্বাচিত দুটি সরকার কীভাবে সহযোগিতামূলক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে একটি রূপকল্প প্রণয়ন,’ যোগ করেন সরকারপ্রধান।
তিনি আরও বলেন, ‘ভারত বাংলাদেশের সবচেয়ে বড় ও নিকটতম প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার। ১৯৭১ সালে যে সম্পর্কের সূচনা হয়, তাকে বাংলাদেশ সব সময়ই বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোয় উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছে।’