প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৯:৪১ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪ ২০:১৬ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন রাসেলস ভাইপার নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনম, সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে। আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি, কোনো অবস্থায়ই অ্যান্টিভেনমের ঘাটতি থাকা যাবে না।’
শনিবার (২২ জুন) সকালে স্বাস্থ্যমন্ত্রী অনলাইন প্ল্যাটফর্ম জুমে সারা দেশের সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হয়ে এক সভায় এসব কথা বলেন।
সভায় মন্ত্রী দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালকদের সঙ্গে সর্প দংশন ও রাসেলস ভাইপার নিয়ে কথা বলেন এবং সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সাপ কামড় দিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।
ডা. সামন্ত লাল সেন এ বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য প্রচারের ওপর জোর দেন।
তিনি বলেন, সর্প দংশনের বিষয়ে জনগণকে সচেতন করা খুব জরুরি। রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।
সভায় স্বাস্থ্যমন্ত্রী সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন।
সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডা. রুবেদ আমিনসহ স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।