প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৪ ১৭:২৮ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪ ১৭:৫৩ পিএম
শুক্রবার বিকালে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছালে ভারতের একটি সাংস্কৃতিক দল ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানায়। ছবি : ফোকাস বাংলা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২১ জুন) বিকাল সোয়া ৪টার দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি।
এর আগে দুপুর ২টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এমএম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন। গুরুত্বপূর্ণ এ দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২১ থেকে ২২ জুন ভারতে অবস্থান করবেন তিনি।
সফরের শুরুতে আজ সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পরে মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনা। এরপর হায়দরাবাদ হাউসে যাবেন প্রধানমন্ত্রী। এ সময় উভয় দেশের প্রধানমন্ত্রী সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। এরপর দুই প্রধানমন্ত্রী তাদের বিবৃতি দেবেন।
শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে নয়াদিল্লি ত্যাগ করবেন। রাত ৯টায় তিনি ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।