প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুন ২০২৪ ১০:০৮ এএম
আপডেট : ১৯ জুন ২০২৪ ১১:০৪ এএম
সরকারি অফিস। ছবি : সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (১৪ জুন) শুরু হওয়া ছুটি গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। আজ বুধবার (১৯ জুন) নতুন সূচি অনুযায়ী সকাল ৯টায় শুরু হয়েছে সরকারি অফিসের কার্যক্রম। অফিস ছুটি হবে বিকাল ৫টায়।
ঈদ উপলক্ষ ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি ছিল। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনি) দুই দিন ছিল সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি কাটান।
এর আগে ৩ জুন মন্ত্রিসভা বৈঠকে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিসসূচি নির্ধারণ করা হয়। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস থেকেই নতুন অফিসসূচি কার্যকর হবে বলে সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।
ওইদিন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, ঈদের ছুটি শেষে রবিবার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। শুক্র ও শনিবার বন্ধ থাকবে। রবিবার থেকে বৃহস্পতিবার মাঝখানে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।
জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয় করতে ২০২২ সালের ২৪ আগস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দেয় সরকার। সে অনুযায়ী দুই মাসের বেশি সময় সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
পরে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলছিল; যা ঈদের আগে পর্যন্ত বহাল ছিল।