ওয়ার্কার্স পার্টির শোক
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৪ ১৮:১১ পিএম
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড শহীদুল্লাহ শহীদ ১৮ জুন রাত ১টায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলে রেখে গেছেন।
ওয়ার্কার্স পার্টির এক বিবৃতিতে বলা হয়েছে, কমরেড শহীদুল্লাহ শহীদ আজীবন এ দেশের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুরদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে শামিল ছিলেন। তার মৃত্যুতে পার্টি ও এ দেশের মেহনতি শ্রমজীবী মানুষের অপূরণীয় ক্ষতি হল। মঙ্গলবার সকালে পার্টির পলিটব্যুরোর সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিক প্রয়াত শহীদ ভাইয়ের মরদেহ নিয়ে ঠাকুরগাঁও পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে যান।
শহীদুল্লাহ শহীদের মুত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা গভীর শোক প্রকাশ করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।