নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১৭:৫৬ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪ ১৮:৫৪ পিএম
বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে এক ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। প্রবা ফটো
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানে খাদ্যের অভাবে কোনো মানুষ মারা গেছে এমন ইতিহাস বাংলাদেশে নেই।
তিনি বলেন, যখন দেশে খাদ্যের অভাব ছিল, তখন অনেকেই ভাতের মাড় খেতো। অনেকেই আবার রুটি খেতো। কেউ আটা কিনলে মনে করা হতো সে অনেক গরিব। কিন্তু এখন গরিবেরা তিন বেলা ভাত খায়। ধনীরা খায় আটা । সেটা ওজন বাড়ার ভয়েই হোক আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্যই হোক।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের এক ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, একসময় আমাদের খাদ্যের অভাব ছিল। অনেকেই তখন এক বেলা ভাত খেতো। বিদেশ থেকে চাল আমদানি করে খেতে হতো। তখন ধারণা ছিল গোডাউনের চাল মানেই গন্ধ চাল। আর এখন গোডাউনের চালের জন্য মানুষ লাইন ধরে। বর্তমানে চালের মান অনেক ভালো বলে আমি মনে করি। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ। তিনি কৃষিকে বেশি প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ কৃষি যত এগিয়ে যাবে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরও বৃদ্ধি পাবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, র্যাব-১১-এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) আমির খসরু, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক প্রমুখ।