× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৯:৩১ পিএম

আপডেট : ১১ জুন ২০২৪ ১৯:৫৭ পিএম

মঙ্গলবার রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রবা ফটো

মঙ্গলবার রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রবা ফটো

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১১ জুন) সকালে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। শুরুতে স্বাগত বক্তব্য দেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান । বিশেষ অতিথি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্র্যাঞ্চের প্রধান অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক নেতারা এবং সড়ক পরিবহন সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ প্রশংসনীয় ভূমিকা রাখছে। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে ইতোমধ্যে হাইওয়ে পুলিশে ড্রোন সংযোজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘হাইওয়ে পুলিশের তৎপরতার ফলে গত ঈদুল ফিতরে জনগণের যাত্রা স্বস্তিদায়ক হয়েছে।’ মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘এবার ঈদুল আজহায়ও জনগণ নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারবে।’ মন্ত্রী সড়কে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মাদক পরিবহন বন্ধে কাজ করার জন্য হাইওয়ে পুলিশকে নির্দেশ দেন।

জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘নিরাপদ সড়ক গড়ে তোলা শুধু হাইওয়ে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক আইন মান্য করা।’ তিনি ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘হাইওয়ে পুলিশ আন্তরিকতার সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে। আজ হাইওয়ে পুলিশের অস্তিত্ব সকল স্থানে দৃশ্যমান।’  

তিনি বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী কোনো গাড়ি থামানো যাবে না বলে পুলিশের সকল ইউনিটকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পুলিশ সফলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

আইজিপি বলেন, ‘জনগণ যাতে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সকল পুলিশ ইউনিট আন্তরিকভাবে কাজ করছে।’

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘নানা সীমাবদ্ধতা সত্ত্বেও নিরাপদ সড়ক গঠনের জনপ্রত্যাশা পূরণে হাইওয়ে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি হাইওয়ে পুলিশের জনবল বাড়ানো এবং আইন প্রয়োগে কঠোরতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে হাইওয়ে পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে এ উপলক্ষে একটি কেক কাটা হয়। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা