প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪ ১৬:২৫ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪ ১৭:১৩ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফাইল ফটো
দ্বৈত নাগরিকরাও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, কোনো ব্যক্তির একাধিক নাগরিকত্ব থাকলেও তিনি যদি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারেন, তাহলে তাকে জাতীয় পরিচয়পত্র দিতে হবে।
সোমবার (১০ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এনআইডি সংশোধনের আবেদনগুলো ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকে জাতীয় পরিচয়পত্র পাচ্ছিলেন না; কিংবা তাদের জাতীয় পরিচয়পত্র দিতে দেরি করা হচ্ছিল। বলা হচ্ছিল সার্টিফিকেট লাগবে। এ বিষয়র কোনো মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট নেওয়াটা অর্থহীন। যদি সে প্রমাণ করতে পারে সে বাংলাদেশের নাগরিক, তাহলে তিনি এনআইডি পাবেন; তাকে এনআইডি দিতেই হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এক ব্যক্তি আরেক ব্যক্তির নাম ধারণ করে জাতীয় পরিচয়পত্র নিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। কেউ কেউ আবার বাবার নাম পরিবর্তন করে চাচার নাম বসিয়ে অন্যায়ভাবে সম্পত্তি ভোগ-দখল করছে ৷ এ বিষয়গুলো গভীরভাবে চিন্তা ভাবনা করে উপায় বের করতে হবে। এ ধরনের ঘটনা ঘটায় আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি- আমাদের এখানে এটা করা গেল কীভাবে?’
জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময়সীমা বেঁধে দেওয়ারও পরামর্শ দেন হাবিবুল আউয়াল।
তিনি বলেন, ‘আমাদের কর্মকর্তারা সময়মতো সেবা দিচ্ছেন কি না তা পর্যবেক্ষণ করা যাবে। সেবা দিতে যেন দেরি না করি, হয়রানি না করি- সেটা নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনিষ্পন্ন আবেদন রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ১৬১টি। আর প্রক্রিয়াধীন আবেদন রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯০৩টি।