× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাদ্য উৎপাদনে জোর দিন, ফায়ার সার্ভিস সদস্যদের প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১৩:২৩ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১৫:৫৭ পিএম

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের সদস্যদের খাদ্য উৎপাদনের দিকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে সারা বিশ্বের মতো। ফায়ার সার্ভিসের সদস্যদের যার যার অবস্থান থেকে খাদ্য উৎপাদনে জোর দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধন ঘোষণা করে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, ‘প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের যে ঘোষণা আমরা দিয়েছিলাম তা এখন শেষ পর্যায়ে। তা ছাড়া এই কাজের সঙ্গে সম্পৃক্তরা যেন উন্নত প্রশিক্ষণ পান, সেই লক্ষ্য নিয়েই আমরা বঙ্গবন্ধু ফায়ার একাডেমি প্রতিষ্ঠা করার চিন্তা করেছি। ফায়ার স্টেশন এখন ৪৯১টি, আরও ৫২টি নতুন স্টেশন চালু হবে।

‘প্রায় ৭০০ ফায়ার স্টেশন স্থাপন করা হবে। যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই প্রতিষ্ঠানকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসতে পেরেছি।’

ফায়ার সার্ভিসের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘আমরা ৯৬ সালে যখন ক্ষমতায় তখন সারা দেশে ৪০ থেকে ৫০ স্টেশন ছিল। আমরাই সিদ্ধান্ত নিই প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রতিষ্ঠা করব। সেই উদ্যোগ আমরা নেই, কাজও শুরু করি। কিন্তু ৫ বছর ক্ষমতায় থাকার কারণে আমরা কাজ সম্পন্ন করতে পারিনি। পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পর ফায়ার সার্ভিসকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করতে গত ১৪ বছরে অনেক কাজ করেছি। একই সঙ্গে এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মর্যাদাও বৃদ্ধি করা হয়েছে।‘ 

আগুন লাগলে কীভাবে নেভানো যায় তার ওপর সবাইকে প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, এই প্রশিক্ষণ সবার জন্য জরুরি। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করে দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করাসহ সবাইকে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করার আহ্বান জানাচ্ছি।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার জন্মশতবার্ষিকী পালনের সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পাই। এই মর্যাদা ধরে রেখে আমরা এগিয়ে যাব এবং ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের প্রত্যয়।’

‘দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’এই প্রতিপাদ্য নিয়ে এবারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদযাপন করা হচ্ছে। 

অনুষ্ঠানের শুরুতে প্যারেড করে রাষ্ট্রীয় সালাম জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। গণভবন প্রান্ত থেকে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেনজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে ৪৫ জন সদস্যকে সম্মাননা পদক দেওয়া হয়। এ ছাড়া ১৩ জন অগ্নিবীরের পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা