× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি আনার

সংসদে গ্রহণ হয়নি শোক প্রস্তাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৯:০৪ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৪ ১৯:৪১ পিএম

সংসদে গ্রহণ হয়নি শোক প্রস্তাব

দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন বুধবার বিকাল ৫টায় শুরু হয়েছে। রীতি অনুযায়ী অধিবেশনের শুরুতেই সংসদ সদস্য ও বিভিন্ন বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের জন্য কোনো শোক প্রস্তাব সংসদে গ্রহণ করা হয়নি।

বৈঠকের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলির সদস্য মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলির সদস্যরা হলেন– ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, মো. শাহাব উদ্দিন, শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতার ভিত্তিতে সভাপতিমণ্ডলির সদস্যরা সংসদের বৈঠকের সভাপতিত্ব করেন।

পরে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তবে ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সম্প্রতি কলকাতায় গিয়ে ‘খুন’ হলেও তার হত্যাকাণ্ডের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় তার বিষয়ে কোনো শোক প্রস্তাব গ্রহণ হয়নি। তার সংসদীয় আসনও শূন্য ঘোষণা হয়নি।

আনার ভারতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ২২ মে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে তার মরদেহ এখনও পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনাস্থল ভারতের সরকার বা বাংলাদেশ থেকেও ওই সংসদ সদস্যের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ অবস্থায় তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণার বিষয়ে অপেক্ষা করছে সংসদ সচিবালয়। তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে সংসদ থেকে ওই আসনটি শূন্য ঘোষণা করা হবে।

সম্প্রতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান, ঘটনাটি ব্যতিক্রম। অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। এজন্য তারা আরও অপেক্ষা করবেন। ৫ জুন সংসদ অধিবেশনের আগেই একটি সুরাহা হবে বলে তিনি আশা প্রকাশ করেছিলেন। কিন্তু মরদেহ এখনও না মেলায় বিষয়টির কোনো সমাধা হয়নি। 

 মৃত্যু, পদত্যাগ বা অন্য কোনো কারণে সংসদের কোনো আসন খালি হলে সংসদ সচিবালয় থেকে গেজেট প্রকাশের মাধ্যমে ওই আসনটি শূন্য (মৃত্যুর তারিখ থেকে) ঘোষণা করা হয়। পরে গেজেটের কপি পাঠানো হয় নির্বাচন কমিশন সচিবালয়ে। নির্বাচন কমিশন ওই শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা