× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনের অগ্রিম টিকিট : দ্বিতীয় দিনে বিক্রি শুরু হতেই শেষ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ২১:৫৪ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ২১:৫৬ পিএম

ট্রেনের টিকিট।

ট্রেনের টিকিট।

স্মার্টফোন হাতে নিয়ে বসে আছেন সালাউদ্দিন আহমদ। তখনও ঘড়ির কাঁটায় সকাল আটটা বাজেনি। তার এই অপেক্ষার প্রহর ট্রেনের টিকিটের জন্য। অনলাইনে আগামী ১৩ জুনের রংপুর এক্সপ্রেসের টিকিট কাটবেন তিনি। উদ্দেশ্য– স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে স্বস্তিতে বাড়ি যাওয়া। কিন্তু নিরাশ হতে হলো তাকে। দ্বিতীয় দিনে ছাড়া ৩০ হাজারটির মধ্যে একটি টিকিট ভাগ্যে জুটেনি তার।

ঢাবা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এই শিক্ষার্থী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আটটা বাজার সঙ্গে সঙ্গেই চেষ্টা শুরু করি। কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। 

একই কথা জানালেন অগ্রিম টিকিট কেনার চেষ্টা করা দীপক কুমার দেব। তিনি রাজশাহীগামী ট্রেনের টিকিট কাটার চেষ্টা করে ব্যার্থ হন। তাদের মতো কয়েক সহস্রাধিক মানুষ অনলাইনে টিকিট কাটতে ব্যর্থ হয়েছেন।

যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও ঢাকা থেকে ঈদযাত্রার জন্য আন্তঃনগর ট্রেনের কোনো টিকিট স্টেশনের কাউন্টারে বিক্রি হচ্ছে না। ঈদযাত্রা শুরু হলে ট্রেন ছাড়ার আগে-আগে সাধারণ আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি করা হবে।

রবিবার থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলের পূর্বাঞ্চল (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) ও পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) জন্য প্রতিদিন প্রায় ৩০ হাজার টিকিট ছাড়া হচ্ছে। সোমবার সকাল আটটায় বিক্রি শুরুর ১৫ মিনিটে ১০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে যায় বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। 

রেলওয়ের তথ্যমতে– গতকাল সকাল আটটা থেকে প্রথম আধা ঘণ্টায় বিক্রি হয় প্রায় ১২ হাজার টিকিট। বেলা দুইটার মধ্যে পশ্চিমাঞ্চলের জন্য বরাদ্দ সব টিকিট শেষ হয়ে যায়। বেলা দুইটায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরুর পর একইভাবে প্রথম ১৫ মিনিটে বরাদ্দের বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে যায়। সাড়ে চারটা পর্যন্ত পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল মিলে ২৯ হাজার ২৩৩টি টিকিট বিক্রি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিটের জন্য সকাল আটটা থেকে আধা ঘণ্টায় এক কোটি ৯০ লাখ বার (হিট) চেষ্টা হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য বেলা দুইটা থেকে আধা ঘণ্টায় চেষ্টা হয়েছে এক কোটি ১০ লাখ বার। 

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুতেই উত্তরবঙ্গের টিকিটের অনেক চাহিদা ছিল। একইভাবে পূর্বাঞ্চলের টিকিটেরও চাহিদা ছিল।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, আজ মঙ্গলবার ১৪ জুনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। একইভাবে ৫ জুন ১৫ জুনের ও ৬ জুন দেওয়া হবে ১৬ জুনের অগ্রিম টিকিট। আর ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন। ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ২০ থেকে ২৪ জুনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২০ জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে ১০ জুন। ২১ জুনের টিকিট দেওয়া হবে ১১ জুন। ২২ জুনের টিকিট দেওয়া হবে ১২ জুন। ২৩ জুনের টিকিট দেওয়া হবে ১৩ জুন। আর ২৪ জুনের টিকিট দেওয়া হবে ১৪ জুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা