মহিলা পরিষদের জরিপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪ ২০:০৭ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪ ২২:০০ পিএম
প্রতীকী ছবি
এপ্রিল মাসের তুলনায় মে মাসে নারী ও কন্যাশিশু নির্যাতনের সংখ্যা বেড়েছে। মে মাসে মোট ২৪৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১১০ জন কন্যা এবং ১৩৩ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। সেখানে ধর্ষণের শিকার হয়েছে ৪০ জন কন্যাসহ ৬২ জন। তার মধ্যে ১২ জন কন্যাসহ ২০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। দুজন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং একজন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়াও তিনজন কন্যাসহ সাতজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তবে এপ্রিল মাসে এ সংখ্যা ছিল ১৯৩ জন।
রবিবার (২ জুন) মহিলা পরিষদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি ১৬টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই জরিপ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌন নিপীড়নের শিকার হয়েছে ২২ জন কন্যাসহ ২৩ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ছয়জন কন্যাসহ সাতজন। এর মধ্যে একজন কন্যা উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে দুটি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে দুজন। এর মধ্যে একজনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে পাঁচজন। এর মধ্যে দুজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১১ জন। এর মধ্যে দুজন কন্যা। পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে তিনটি। একজন কন্যা গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটেছে।
এ ছাড়া মে মাসে বিভিন্ন কারণে সাতজন কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও চারজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনজন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পাঁচজন কন্যাসহ ২০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন কন্যা আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। তিনজন কন্যাসহ চারজন অপহরণের ঘটনার শিকার হয়েছে। এ ছাড়াও একজন কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। তিনজন কন্যাসহ চারজন সাইবার ক্রাইমের ঘটনার শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে দুটি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে পাঁচটি। এ ছাড়া পাঁচজন কন্যাসহ ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।