প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪ ২২:০৮ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪ ২২:২১ পিএম
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনীর নবীন নাবিক -২০২৪ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। ছবি : আইএসপিআর
বাংলাদেশ নৌবাহিনীর-২০২৪ ব্যাচের নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নৌবাহিনীতে ৪৩৮ জন নতুন নাবিক যুক্ত হলেন।
কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আইএসপিআর জানায়, নৌবাহিনীর-২০২৪ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. সাইফুর রহমান সাইফ সব বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। মো. আল আবি হুসাম দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ ও মোহাম্মদ শাহরিয়ার তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ এবং মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ লাভ করেন।
নৌবাহিনী প্রধান তার ভাষণে, নবীন নাবিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় থেকে প্রাপ্ত সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশের জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন। জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকরা বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা বিধানের পাশাপাশি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পেশা হিসেবে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেওয়ায় নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের ধন্যবাদ জানান।
শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বানৌজা শের-ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীর উদ্বোধন করেন। এ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে কম্পিউটার ল্যাব, খেলার মাঠ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, লাইব্রেরি, ক্যান্টিনসহ অন্যান্য সুযোগ-সুবিধা। এ স্কুল উদ্বোধনের মধ্য দিয়ে পটুয়াখালী এলাকা শিক্ষাব্যবস্থা আধুনিকতার পথে এগিয়ে যাবে বলে স্থানীয় প্রশাসন এবং জনগণ আশাবাদী।
কুচকাওয়াজ অনুষ্ঠান এবং নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীর উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী নৌপ্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ৭ পদাতিক ডিভিশনর জিওসি ও এরিয়া কমান্ডার এবং পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।