এমপি আনার হত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪ ১১:০৫ এএম
আপডেট : ০১ জুন ২০২৪ ১১:১৫ এএম
শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথ বলেন ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত করতে নেপালের উদ্দেশে রওনা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
শনিবার (১ জুন) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে ডিবির তিনজন ও এনসিবি (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো)-এর একজন—এ মোট চারজনের একটি তদন্তকারী দল নেপালের উদ্দেশে রওনা দেয়।
সকাল ১০টার দিকে একটি ফ্লাইটে নেপালের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশপ্রধান। এ সময় তিনি বলেন, সিয়ামের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত নই। নেপালে কোনো আসামি আছে কি না, জানতে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত অনেকেই নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছেন, সেটি নিয়েই তদন্ত করতে যাচ্ছে তার দল।
হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের সহযোগী সিয়ামের নেপালে গ্রেপ্তারের কথা শুনেছেন বলেন জানান তিনি।