প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪ ২০:১২ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪ ২২:৩৮ পিএম
বৃহস্পতিবার এএপিটিসি'র ১২তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপ সমাপ্ত হয়। ছবি : আইএসপিআর
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত সকল প্রতিষ্ঠানসমূহের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারের (এএপিটিসি) ১২তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপ সমাপ্ত হয়েছে।
আইএসপিআর জানায়, বৃহস্পতিবার এর সমাপনী অনুষ্ঠান রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)- এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
তিনি বলেন, শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণের সঙ্গে জড়িত সংস্থাগুলোকে ২১ শতকের শান্তিরক্ষা অপারেশনের চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সম্মেলনে গবেষক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞদের বিভিন্ন উপস্থাপনা অংশগ্রহণকারীদের আরও প্রশিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে সহায়তা করবে ও শান্তিরক্ষা প্রশিক্ষণের সঙ্গে জড়িত সংস্থাগুলোকে প্রশিক্ষণ কৌশল বিকাশে সহায়তা করবে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করে। এএপিটিসি’র ১২তম বার্ষিক সাধারণ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অসামঞ্জস্যপূর্ণ ঝুঁকি মোকাবিলায় বহুমাত্রিক শান্তিরক্ষা প্রশিক্ষণ মডিউলের উন্নতি সাধন’।
সম্মেলনে শান্তিরক্ষা প্রশিক্ষণের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তির মাধ্যমে শান্তি অপারেশন প্রশিক্ষণের উদ্ভাবনী ধারণা, শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য তথ্য সংগ্রহের উপর প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, প্রযুক্তির মাধ্যমে শান্তিরক্ষায় সক্ষমতা বৃদ্ধি, শান্তিরক্ষীদের কর্মক্ষমতা এবং জবাবদিহিতা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা হয়।
গত ২৭ মে ২০২৪ হতে শুরু হওয়া এই সম্মেলনে প্রতিটি সদস্য রাষ্ট্র তাদের প্রতিষ্ঠানের প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন ধারণা উপস্থাপন করেন।
সমাপনী অনুষ্ঠানে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন। এছাড়া বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, উর্ধ্বতন সামরিক, আধা-সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রধান-প্রতিনিধি, এএপিটিসির সদস্যভুক্ত ২৬টি দেশের প্রায় ৫০ জন বিদেশি প্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।