প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪ ১৩:০৮ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪ ১৩:৩১ পিএম
বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার।
এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ২ হাজার দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। এ ছাড়া দুপুর দেড়টার দিকে কলাপাড়ার শেখ কামাল সেতু পরিদর্শন করবেন তিনি। এরপর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী বিকাল ৫টায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো কলাপাড়া শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শহরে সিসি ক্যামেরা স্থাপনসহ কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ শেষে উপস্থিত জনতার মধ্যে বক্তব্য প্রদান করবেন।
গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পটুয়াখালী জেলায় ৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১ হাজার ৮৬৫টি আংশিকভাবে ধ্বংস হয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে কৃষি খাতে ২৬ কোটি টাকা এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।