প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪ ২১:৪৩ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪ ২২:০৫ পিএম
বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সংগৃহীত ফটো
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের রোল মডেল হয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হতে পারলে বিআইডব্লিউটিসি কেন উন্নয়নের রোল মডেল হতে পারবে না?’
বুধবার (২৯ মে) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের উদ্দেশে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিআইডব্লিউটিসির অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে শপথ নিতে হবে– আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিআইডব্লিউটিসিকে উন্নয়নের রোল মডেল হতে হবে।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার টার্নিং পয়েন্ট ছিলেন। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি দারিদ্র্যপীড়িত দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন। জিডিপি প্রায় নয় শতাংশে নিয়ে গিয়েছিলেন।’
নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে যারা ব্যর্থ হয়েছে, তারা বঙ্গবন্ধুর উন্নয়নকে ব্যর্থ করার জন্য গভীর ষড়যন্ত্র করেছে। সবকিছুতে ব্যর্থ হয়ে তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এরপর দেশ অন্ধকারে তলিয়ে যায়, আর আলোর মুখ দেখেনি। আমাদের বর্তমান টার্নিং পয়েন্ট হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি একেএম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. একেএম মতিউর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেলুজ্জামান।