× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ু কূটনীতি: প্রেক্ষিত বাংলাদেশ

আবু হেনা মোস্তফা কামাল মুকুল

প্রকাশ : ১৪ মিনিট আগে

জলবায়ু কূটনীতি: প্রেক্ষিত বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) বিশ্ববাসীর সামনে আরও একবার একটি অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরেছে। জলবায়ু সংকটের ভয়াবহতা নিয়ে আন্তর্জাতিক ঐকমত্য যতটা দৃশ্যমান, সেই সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের রাজনৈতিক সদিচ্ছা ততটা নয়। এবারের সম্মেলনেও জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তিগত সহযোগিতা ও জ্বালানি রূপান্তর নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থ ও সহায়তা নিশ্চিত করার প্রশ্নে প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এই ব্যবধান কেবল কূটনৈতিক হতাশার বিষয় নয়; এটি লাখো মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

কপ৩১-এর একটি ইতিবাচক দিক হলো, বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও জলবায়ু সহযোগিতার বহুপক্ষীয় প্রক্রিয়া সচল রাখা। অভিযোজন পরিকল্পনা, জলবায়ু তহবিলের কার্যক্রম, প্রযুক্তি হস্তান্তর এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে বিভিন্ন উদ্যোগ আলোচনায় গুরুত্ব পেয়েছে। বিদ্যুতায়ন ও জ্বালানি রূপান্তরের সম্ভাবনাও নতুন করে সামনে এসেছে। তবে আন্তর্জাতিক জলবায়ু কূটনীতির সাফল্য কেবল আলোচনার ধারাবাহিকতা দিয়ে বিচার করা যায় না। গুরুত্বপূর্ণ হলো, এসব আলোচনা থেকে কতটা কার্যকর অঙ্গীকার, অর্থায়ন ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা পাওয়া গেল।

এবারের সম্মেলনে বিশেষভাবে উদ্বেগ সৃষ্টি করেছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর প্রশ্নে মতবিরোধ। ১৯ নভেম্বর প্রকাশিত সংশোধিত খসড়া প্রস্তাব থেকে জীবাশ্ম জ্বালানির সুস্পষ্ট উল্লেখ বাদ দেওয়া হয়। একই সঙ্গে অভিযোজন অর্থায়ন-সংক্রান্ত ভাষাও দুর্বল করা হয়। এটি জলবায়ু কূটনীতির একটি মৌলিক দুর্বলতাকে প্রকাশ করেছে। বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে কার্যকর ঐকমত্য তৈরি না হলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার অন্য সব প্রচেষ্টাও সীমিত ফল দেবে।

প্রশ্ন হচ্ছে, জলবায়ু সংকটের কারণগুলো অক্ষত রেখে শুধু ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়ে কত দিন চলবে?

জলবায়ু অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক প্রতিশ্রুতির অভাব নেই। ২০২৪ সালের কপ২৯ সম্মেলনে উন্নত দেশগুলো ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করে। একই সময় বিভিন্ন উৎস থেকে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার সংগ্রহের বৃহত্তর লক্ষ্য নির্ধারিত হয়। পরবর্তী কপ৩০ সম্মেলনে অভিযোজন অর্থায়ন তিনগুণ করার প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

অথচ জাতিসংঘের পরিবেশ কর্মসূচির হিসাব অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন কার্যক্রমে প্রতিবছর প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অভিযোজন অর্থায়ন তিনগুণ করার লক্ষ্য পূরণ হলেও আন্তর্জাতিক সরকারি অর্থায়ন দিয়ে এই প্রয়োজনের মাত্র ২০ থেকে ২৯ শতাংশ মেটানো সম্ভব হতে পারে। এখানেই কপ৩১-এর বড় সীমাবদ্ধতা। দীর্ঘমেয়াদি অর্থায়নের লক্ষ্য ঘোষণা করা হলেও প্রয়োজন অনুযায়ী অর্থ সরবরাহের সুনির্দিষ্ট সময়সূচি, অর্থের উৎস এবং জবাবদিহির কার্যকর ব্যবস্থা নিয়ে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি।

জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ ও অনুদানের পার্থক্য। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে সবচেয়ে কম দায়ী দেশগুলোকে সেই পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ঋণ নিতে বাধ্য করা ন্যায়সঙ্গত হতে পারে না। বিশেষত স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন এবং সহজ শর্তে তহবিল পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন কোনো গৌণ বিষয় নয়; এটি দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, জ্বালানি ব্যবস্থা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ প্রশমন কার্যক্রমে প্রায় ১১৬ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন। এর মধ্যে ৯০ দশমিক ২৩ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। বাংলাদেশ নিজস্ব সক্ষমতায় প্রচলিত পরিস্থিতির তুলনায় ২০৩৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৬ দশমিক ৩৯ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ নিঃসরণ কমানোর পরিকল্পনা রয়েছে। এ পরিসংখ্যান বাংলাদেশের জলবায়ু কর্মপরিকল্পনার আর্থিক বাস্তবতা তুলে ধরে। 

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের দাবি তখনই আরও গ্রহণযোগ্য হবে, যখন বাংলাদেশ দেখাতে পারবে যে প্রাপ্ত অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে এবং এর সুফল প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায়ই উপেক্ষিত থাকে। সাধারণত ক্ষয়ক্ষতির হিসাব করা হয় অবকাঠামো ধ্বংস, ফসলের উৎপাদন হ্রাস কিংবা আর্থিক লোকসানের ভিত্তিতে। অথচ জলবায়ু পরিবর্তনের সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক পরিণতিও গভীর। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড় এবং কৃষিজমির উৎপাদনক্ষমতা হ্রাস মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আনছে। দীর্ঘদিনের কৃষিনির্ভর পরিবার যখন জীবিকার অনিশ্চয়তায় পড়ে, তখন তারা শুধু অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয় না; তাদের পারিবারিক সম্পর্ক, সামাজিক মর্যাদা, আত্মনির্ভরশীলতা এবং বসতভিটার সঙ্গে আবেগগত সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়।

একজন কৃষকের কাছে জমি কেবল উৎপাদনের উপকরণ নয়; এটি তার পরিচয়, পারিবারিক ইতিহাস ও সামাজিক অবস্থানের অংশ। ফলে জমির উৎপাদনক্ষমতা হারানো কিংবা পরিবেশগত পরিবর্তনের কারণে বসতভিটা ছেড়ে যেতে বাধ্য হওয়ার ক্ষতি শুধু অর্থের হিসাবে নির্ধারণ করা যায় না। এ বাস্তবতায় জলবায়ু অভিযোজন পরিকল্পনায় কৃষি, নিরাপদ পানি, বিকল্প জীবিকা ও দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি সামাজিক সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মানসিক ও সামাজিক কল্যাণের বিষয়টিও গুরুত্ব পাওয়া প্রয়োজন।

বিশেষত ক্ষুদ্র কৃষক, নারী, ভূমিহীন ও নিম্নআয়ের মানুষের অভিজ্ঞতাকে স্থানীয় অভিযোজন পরিকল্পনার ভিত্তি করতে হবে। স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া নেওয়া প্রকল্প অবকাঠামোগত সাফল্য দেখাতে পারলেও মানুষের প্রকৃত দুর্বলতা দূর করতে ব্যর্থ হতে পারে।

কপ৩১-এর অভিজ্ঞতা থেকে বাংলাদেশের নীতিনির্ধারকদের কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

প্রথমত, জলবায়ু অর্থায়নের একটি সমন্বিত ও উন্মুক্ত জাতীয় তথ্যব্যবস্থা গড়ে তুলতে হবে। কোন উৎস থেকে কত অর্থ পাওয়া যাচ্ছে, তার কতটা ঋণ ও কতটা অনুদান, কোন প্রকল্পে কী পরিমাণ ব্যয় হচ্ছে এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠী কতটা উপকৃত হচ্ছেÑ এসব তথ্য নিয়মিত প্রকাশ করা জরুরি।

দ্বিতীয়ত, জলবায়ু অভিযোজন প্রকল্পে স্থানীয় সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণের পাশাপাশি স্থানীয় বাস্তবতার ভিত্তিতে প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ করা প্রয়োজন।

তৃতীয়ত, জলবায়ু পরিবর্তনের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়নে স্বাধীন গবেষণাকে গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে শুধু প্রকল্প মূল্যায়নে নয়, নীতি প্রণয়ন ও আন্তর্জাতিক জলবায়ু আলোচনার জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তৈরিতেও যুক্ত করা উচিত।

চতুর্থত, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশকে অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে সমন্বিত অবস্থান আরও জোরদার করতে হবে। বিশেষত অনুদানভিত্তিক অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, প্রযুক্তি হস্তান্তর এবং জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সঙ্গত উত্তরণের প্রশ্নে সুস্পষ্ট ও বাস্তবায়নযোগ্য দাবি তুলে ধরতে হবে।

কপ৩১ আবারও মনে করিয়ে দিয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য হলেও শুধু কূটনৈতিক সমঝোতা যথেষ্ট নয়। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, পর্যাপ্ত অর্থায়ন এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা। বাংলাদেশের সামনে তাই দ্বিমুখী দায়িত্ব- একদিকে আন্তর্জাতিক পরিসরে জলবায়ু ন্যায়বিচারের দাবি জোরালো করতে হবে; অন্যদিকে দেশের অভ্যন্তরে প্রাপ্ত অর্থের স্বচ্ছ ব্যবহার, কার্যকর অভিযোজন এবং ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

জলবায়ু সম্মেলনের সাফল্য শেষ পর্যন্ত নির্ধারিত হওয়া উচিত এ প্রশ্নেÑ যারা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী, অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের জীবন ও জীবিকার নিরাপত্তা কতটা নিশ্চিত হলো? এ প্রশ্নের সন্তোষজনক উত্তর না পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক জলবায়ু কূটনীতির অর্জন যতই প্রচারিত হোক, বাংলাদেশের উপকূলের একজন ক্ষতিগ্রস্ত কৃষক কিংবা দুর্যোগে বাস্তুচ্যুত একটি পরিবারের কাছে তা কখনোই অর্থবহ হবে না।

লেখক: অধ্যাপক, সাস্কাটুন বিশ্ববিদ্যালয়, কানাডা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা