× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনা খরচে জনশক্তি প্রেরণ দায়িত্বশীল সরকারের আরেকটি দৃষ্টান্ত

সম্পাদকীয়

প্রকাশ : ১৬ মিনিট আগে

মন্‌জুরুল ইসলাম। ফাইল ছবি

মন্‌জুরুল ইসলাম। ফাইল ছবি

বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের ইতিহাসে নতুন আশার সঞ্চার করেছে ‘সম্পূর্ণ বিনা খরচে’ ১১২ জন কর্মীর মালয়েশিয়া যাত্রা। দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর সরকারি উদ্যোগে দেশটির শ্রমবাজারে আবারও কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হওয়া নিঃসন্দেহে ইতিবাচক ঘটনা। এ উদ্যোগের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, কর্মীদের অভিবাসন ব্যয়ের সম্পূর্ণ ভার বহন করা হয়েছে রাষ্ট্রীয় উদ্যোগে। বাংলাদেশের অভিবাসন খাতে যেখানে বিদেশে যাওয়ার জন্য একজন কর্মীকে জমি বিক্রি, ঋণগ্রহণ কিংবা সর্বস্বান্ত হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়; সেখানে বিনা খরচে বিদেশ যাওয়ার এই উদ্যোগ নতুন দৃষ্টান্তের সূচনা করল। উল্লেখ্য, প্রথম ধাপে সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়া শ্রমবাজারে স্বচ্ছতা ও ন্যায্য অভিবাসন ফেরানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিন সিন্ডিকেট, অতিরিক্ত খরচ ও অনিয়মের অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজারে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, সরকারি ব্যবস্থাপনার নীতিতে এই যাত্রা তার নতুন অধ্যায় বলা যায়।

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উল্লেখিত কর্মীদের বিদায়ী কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলা, সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে সরকার। এর আগে সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) সংবাদ সম্মেলনে কর্মী পাঠানোর বিস্তারিত তুলে ধরা হয়। বলা হয়, কর্মী পাঠানোর এ উদ্যোগে ‘শূন্য মানে শূন্য’ নীতি অনুসরণ করা হচ্ছে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, কর্মীদের অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো টাকা দিতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় বহন করছে নিয়োগকর্তা। এ ছাড়া ভিসা ফি ও উড়োজাহাজের টিকিটের পুরো খরচও দিচ্ছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা মূল বেতনে কাজ করবেন। তাদের চাকরির চুক্তি তিন বছরের, যা নবায়নযোগ্য। নিয়োগকর্তা তাদের আবাসন ও চিকিৎসা সুবিধা দেবে।

আমরা মনে করি, মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক তৎপরতা বিশেষ গুরুত্ব বহন করে। উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়ে ২২ জুন পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং অধিকসংখ্যক কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছিলেন তিনি। বিশেষ করে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রীর ঐকমত্যের বাস্তব প্রতিফলন হিসেবে এই উদ্যোগকে বিবেচনা করা যায়।

বলা বাহুল্য, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। বিগত সময়ে দেশটিতে কর্মসংস্থানের সুযোগ বন্ধ হওয়ায় বিপুলসংখ্যক সম্ভাব্য অভিবাসীকর্মী অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন। একই সঙ্গে দালাল চক্র, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিয়ম ও প্রতারণার কারণে বিদেশগামী কর্মীদের ভোগান্তিও দীর্ঘদিনের। কাজেই শ্রমবাজার পুনরায় চালু হওয়া যেমন স্বস্তির খবর; তেমনি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।

তবে বিদেশে কর্মী পাঠানোর সাফল্য শুধু কতসংখ্যক মানুষ দেশ ছাড়লেন, তা দিয়ে পরিমাপ করা নয়, বরং কত কম খরচে, কতটা নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে তারা বিদেশে যেতে পারলেন; সেটিই হওয়া উচিত সাফল্যের প্রধান মাপকাঠি। সেই বিবেচনায় বিনা অভিবাসন ব্যয়ে এই যাত্রা প্রশংসনীয়। তবে এই উদ্যোগ যেন কেবল প্রতীকী কর্মসূচিতে সীমাবদ্ধ না থাকে। পর্যায়ক্রমে আরও বেশি কর্মীকে এ সুযোগের আওতায় আনতে হবে। নিয়োগকর্তার চাহিদা, কর্মীদের দক্ষতা, বেতন-ভাতা, কর্মপরিবেশ ও আইনি সুরক্ষার বিষয়গুলোও এই ক্ষেত্রে নিশ্চিত করা জরুরি।

সরকারের দায়িত্ব হবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা, নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং কর্মীদের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। পাশাপাশি মালয়েশিয়া সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে শ্রমবাজার সম্প্রসারণ ও কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া।

আমরা চাই, ১১২ জনের এই যাত্রা কেবল ১১২টি পরিবারের স্বপ্নপূরণের সূচনা নয়, এটি হোক বাংলাদেশের অভিবাসন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাময় ইঙ্গিত। আমরা বিশ্বাস করি, সরকার যদি এই উদ্যোগের ধারাবাহিকতা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পারে; তাহলে বিদেশে কর্মসংস্থান আর সাধারণ মানুষের জন্য ঋণের বোঝা হয়ে থাকবে না, হয়ে উঠবে অর্থনৈতিক মুক্তি ও মর্যাদাপূর্ণ জীবনের পথ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা