ইমেইল থেকে
বাঁধন মৈত্র
প্রকাশ : ১৮ মিনিট আগে
পৃথিবীর জলবায়ু বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের অভিঘাত এখন আর কোনো বৈজ্ঞানিক পূর্বাভাসের মধ্যে সীমাবদ্ধ নেই। কখনও অসহনীয় তাপপ্রবাহ, কখনও অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় কিংবা দীর্ঘ খরাÑ প্রকৃতির এই পরিবর্তন মানুষের জীবন ও জীবিকাকে ক্রমেই অনিশ্চিত করে তুলছে। কিন্তু জলবায়ু সংকটের সবচেয়ে বড় অন্যায় হলো, যারা এই সংকট তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, ক্ষতির বোঝা বহন করতে হচ্ছে তাদের বাইরেও এমন দেশগুলোকে, যাদের অবদান তুলনামূলকভাবে নগণ্য।
শিল্পবিপ্লবের পর থেকে উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধির বড় ভিত্তি ছিল কয়লা, তেল ও গ্যাসের ব্যাপক ব্যবহার। গড়ে উঠেছে বিশাল শিল্পকারখানা, বেড়েছে জ্বালানিনির্ভর উৎপাদন ও ভোগ। এর ফলে বায়ুমণ্ডলে জমেছে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস। অথচ এখন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো। এটি শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি বৈশ্বিক ন্যায়বিচারেরও প্রশ্ন।
২০২৬ সালের ৯ নভেম্বর বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়টি রেকর্ডের উষ্ণতম ১২ বছর হতে যাচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় প্রায় ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। একই প্রতিবেদনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও সমুদ্রের তাপমাত্রা রেকর্ড পর্যায়ে পৌঁছানোর বিষয়টিও উঠে এসেছে।
বাংলাদেশের দিকে তাকালে এই সংকটের মানবিক চেহারাটি আরও স্পষ্ট হয়। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার প্রভাব কৃষি ও সুপেয় পানির সংকটকে জটিল করে তুলছে। ঘূর্ণিঝড় আইলার পর উপকূলের বহু পরিবারকে দীর্ঘদিন স্বাভাবিক জীবনে ফিরতে সংগ্রাম করতে হয়েছে। নদীভাঙনে বসতভিটা হারানো মানুষকে নতুন করে জীবন শুরু করতে হচ্ছে অন্য কোথাও। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হওয়া এসব মানুষের কাছে এটি কোনো আন্তর্জাতিক সম্মেলনের আলোচ্যসূচি নয়; এটি প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। এখানে উন্নত বিশ্বের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ২০২৬ সালের নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত COP31 জলবায়ু সম্মেলনেও জলবায়ু অর্থায়ন নিয়ে উন্নয়নশীল দেশগুলোর অসন্তোষ স্পষ্ট হয়েছে। অভিযোজন অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় নতুন অর্থের প্রতিশ্রুতি এবং বাস্তব সহায়তার মধ্যে ব্যবধান রয়ে গেছে। জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের বোঝা বাড়িয়ে নয়, বরং সহজ শর্তে অর্থায়ন, অনুদান ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে পাশে দাঁড়াতে হবে।
তবে বাংলাদেশেরও দায়িত্ব রয়েছে। নদী, বন ও জলাভূমি রক্ষা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতি জোরদার এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে এখনই কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দাবি হতে হবে আরও সুসংগঠিত ও জোরালো।
জলবায়ু পরিবর্তন কোনো দেশের সীমানা মানে না, কিন্তু এর ক্ষতি সবাই সমানভাবে বহন করে না। তাই দায়, সক্ষমতা ও দায়িত্বের ভিত্তিতে ন্যায্য ব্যবস্থা গড়ে তোলাই এখন সময়ের দাবি। যে দেশগুলো শতাব্দীর পর শতাব্দী প্রকৃতির সম্পদ ব্যবহার করে সমৃদ্ধ হয়েছে, তাদের কাছে আজ প্রশ্ন– পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব নেওয়ার সময় কি এখনও আসেনি? কারণ জলবায়ু ন্যায়বিচার কোনো অনুগ্রহ নয়, এটি ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার।
লেখক: শিক্ষার্থী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি