নিরঞ্জন রায়। প্রতিকৃতি: নিরঞ্জন রায়
দুদিন আগে প্রতিদিনের বাংলাদেশ ব্যাংকিং খাত নিয়ে ‘ব্যাংকিং খাত রাহুগ্রস্ত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছেÑ যেখানে দেশের ব্যাংকিং খাতের ভয়াবহ এক চিত্র উঠে এসেছে। উক্ত প্রতিবেদনে যেসব উদ্বেগজনক তথ্য উঠে এসেছে সেগুলো হচ্ছে; ১. মাত্র তিন মাসে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে ২১ হাজার কোটি টাকা। ২. মোট প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার কোটি টাকা। ৩. ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা। ৪. মোট ঋণের প্রায় ৩৫% খেলাপি। ৫. ২২টি ব্যাংকের মূলধন ঘাটতি আছে এবং ৬. মূলধন ও ঝুঁকি-ভিত্তিক সম্পদের অনুপাত ঋণাত্মক ২.৬৪%-এ নেমে এসেছে। প্রতিবেদনটি পড়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে, এ রকম নাজুক অবস্থা নিয়ে ব্যাংকগুলো টিকে আছে কীভাবে। বিশ্বের অন্য কোনো দেশে ব্যাংকিং খাতের এ রকম বেহাল দশা আছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
একটি দেশের ব্যাংকিং খাত টিকে থাকার জন্য যে দুটো উপাদান অপরিহার্য, তা হচ্ছে মূলধন-ভিত্তি এবং খেলাপি ঋণের পরিমাণ। একটি ব্যাংকের মূলধন-ভিত্তি বা সিআরএআর (ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও), যখন বেশি হবে, তখন সেই ব্যাংকও অনেক শক্ত অবস্থায় থাকবে। যে ব্যাংক শক্ত মূলধন-ভিত্তি বা সন্তোষজনক সিআরএআর সংরক্ষণ করতে পারবে, সেই ব্যাংক কঠিন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে পারে। এ কারণেই ব্যাংকের মূলধন-ভিত্তি বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ২০০৮ সালে আমেরিকায় সাবপ্রাইম মর্টগেজ কেলেঙ্কারির কারণে সৃষ্ট ব্যাংকিং খাতের সংকটসহ পরবর্তীতে যখনই ব্যাংকিং খাতে সংকট দেখা দিয়েছে, তখনই ব্যাংকের মূলধন-ভিত্তি বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। বিশ্বের অধিকাংশ দেশে যে ব্যাসেল তিন বাস্তবায়ন করা হয়েছে, তার অন্যতম শর্ত হচ্ছে ন্যূনতম ১২.৫০% সিআরএআর সংরক্ষণ করতে হবে। ব্যাসেলের শর্ত অনুযায়ী ১২.৫০% সিআরএআর সংরক্ষণের বিধান থাকলেও অধিকাংশ ব্যাংক কিছুটা বাফারসহ এর চেয়ে অনেক বেশি হারে সিআরএআর সংরক্ষণ করে থাকে ব্যাংকের অবস্থান আরও মজবুত রাখার উদ্দেশ্যে। অথচ আমাদের দেশের বাংকিং খাতে ন্যূনতম ১২.৫০% সিআরএআর সংরক্ষণ করা তো অনেক পরের কথা, এই মূলধন অনুপাত ঋণাত্মক হয়ে গেছে।
খেলাপি ঋণের পরিমাণও একটি ব্যাংকের অবস্থান তুলে ধরে। যে ব্যাংকের খেলাপি ঋণ যত কম, সেই ব্যাংক তত বেশি ভালো অবস্থায় থাকে। একটি ব্যাংকের খেলাপি ঋণ কম থাকার অর্থই হচ্ছে, সেই ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার মান অনেক উন্নত, তাদের সম্পদের মানও বেশ ভালো এবং মুনাফার পরিমাণও সন্তোষজনক। পক্ষান্তরে যে ব্যাংকের খেলাপি ঋণ বেশি, সেই ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বেশ দুর্বল, তাদের সম্পদের মানও খারাপ এবং মুনাফার পরিমাণও সন্তোষজনক নয়। শুধু তাই নয়, কোনো ব্যাংকে খেলাপি ঋণ মাত্রাতিরিক্ত থাকলে, সেই ব্যাংককে সন্দেহের দৃষ্টিতে দেখা হয়। কেননা সেখানে ঋণ জালিয়াতির ঘটনা ঘটে থাকতে পারে। এ কারণেই ব্যাংকের খেলাপি ঋণ যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায়, সেই চেষ্টা করা হয় প্রথম থেকেই।
অনেক কারণেই ব্যাংকে খেলাপি ঋণ হতে পারে এবং সেটা হয়ও। কিন্তু খেলাপি ঋণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায় মূলত তিনটি কারণে। প্রথমত, ব্যাংকের ঋণ প্রদান এবং ঋণ পরিচালনার ক্ষেত্রে যদি শৈথিল্য দেখানো হয়, তাহলে শুরুতেই অনেক খারাপ ঋণ বিতরণ হয়ে যেতে পারে, যেটা আমাদের দেশের খেলাপি ঋণ সমস্যার অন্যতম কারণ। দ্বিতীয়ত, খেলাপি ঋণ যদি সঠিকভাবে ব্যবস্থাপনা না করে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করা হয়, সেক্ষেত্রেও খেলাপি ঋণ বৃদ্ধি পায়। তৃতীয়ত, খেলাপি ঋণের বিপরীতে শতভাগ স্থিতি বা প্রভিশন সংরক্ষণ না করে বছর বছর মুনাফা দেখিয়ে আয়কর, লভ্যাংশ ও বোনাস প্রদান করার কারণেও খেলাপি ঋণ বেড়ে যায়। বলার অপেক্ষা রাখে না যে আমাদের দেশের ব্যাংকিং খাতে পাহারসম খেলাপি ঋণের পেছনে এই তিনটি চরম অব্যবস্থাপনাই বেশি দায়ী।
খেলাপি ঋণ এবং মূলধন-ভিত্তি বা সিআরএআর এর মধ্যে নিবিড় সম্পর্ক আছে। খেলাপি ঋণ কম থাকলে সিআরএআর বৃদ্ধি পাবে। অপর পক্ষে খেলাপি ঋণ বৃদ্ধি পেলে, মূলধন-ভিত্তি বা সিআরএআর কমতে থাকে, যে অবস্থা এখন বাংলাদেশের ব্যাংকিং খাতে সৃষ্টি হয়েছে। এ কারণেই ব্যাংক পরিচালনার ক্ষেত্রে এই দুটো উপাদানকে সমান গুরুত্ব দিয়ে দেখা হয়। লক্ষ্য নির্ধারণ করা হয় এমনভাবেÑ যাতে করে ব্যাংকের খেলাপি ঋণ সর্বনিম্ন পর্যায় রাখা যায় এবং একই সাথে ব্যাংকের মূলধন-ভিত্তি বা সিআরএআর বৃদ্ধি করা যায়। এই দুটো লক্ষ্য সামনে রেখে ব্যাংক পরিচালনার কৌশল নির্ধারণ করা হয়। দুর্ভাগ্যজনক হলেও এটাই বাস্তব যে, আমাদের দেশে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে এসব নিয়মনীতি এবং কৌশল, কোনোকিছুই অনুসরণ করা হয়নি। ব্যাংকের মালিকপক্ষ, বিশেষ করে চেয়ারম্যান এবং পরিচালকরা যেভাবে চেয়েছেন, সেভাবেই ব্যাংক পরিচালিত হয়েছে। আর ব্যাংকের এমডি বা প্রধান নির্বাহীরাও চেয়ারম্যান এবং পরিচালকদের মন জুগিয়ে ব্যাংক পরিচালনা করেছেন, তাতে নিয়মনীতি যা-ই থাকুক না কেন। আর ব্যাংকিং খাতের অভিভাবক হিসেবে বাংলাদেশ ব্যাংকও এই খাতকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এতসব অনিয়ম এবং ব্যর্থতার ফলে দেশের ব্যাংকিং খাত আজ এক ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে গেছে।
প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে আরও একটি ভয়ংকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী দেশে হাতেগোনা যে কয়েকটি ব্যাংক তুলনামূলক ভালো অবস্থায় আছে, তাদের বিরুদ্ধে চলছে অপপ্রচার। আসলে বাংলাদেশে কোনো ব্যাংক ভালো অবস্থায় আছে, সেটা বিশ্বাস করাই কঠিন। ব্যাংকিং খাতের মান যেভাবে নির্ণয় করা হয়, সেটা বিবেচনায় নিলে দেখা যাবে যে দেশের সব ব্যাংকের অবস্থাই খারাপ। কোনোটির অবস্থা কম খারাপ, আর কোনোটির অবস্থা অনেক বেশি খারাপ, এই যা। অনেকেই আমার কথার সাথে দ্বিমত পোষণ করে দুয়েকটি ব্যাংকের নাম উল্লেখ করে বলার চেষ্টা করবেন যে সেসব ব্যাংক তো অনেক ভালো অবস্থায় আছে। আমিও তাই বলতে চাই। কিন্তু যে ব্যাংকে একটি ঋণও পুনঃতফসিলি করে ভালো ঋণে রূপান্তর করা হয়, বা যে ব্যাংকে ঋণ খারাপ হওয়ার সাথে সাথে অবলোপন না করে রেখে দেওয়া হয় বা যে ব্যাংকে প্রভিশন ব্যবহার না করে বন্ধকি সম্পত্তি বিক্রি করে ঋণ অবলোপন করে আলোচনার জন্ম দেয়, সেই ব্যাংক কতটা মানসম্পন্ন প্র্যাকটিস অনুসরণ করছে এবং কতটা ভালো অবস্থায় আছে, সেই প্রশ্ন তো থেকেই যায়। যা-হোক এটি একটি ভিন্ন বিষয়, যা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনার শেষ নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, পুরো ব্যাংকিং খাত যেখানে সবচেয়ে খারাপ অবস্থায় আছে, সেখানে তিন-চারটি ব্যাংক ভালো থাকে কীভাবে। সমস্ত শরীরে রক্তশূন্য রেখে শুধু মুখমণ্ডল সুন্দর রাখলে যেমন কাউকে সুন্দর বলা যায় না, তেমনি পুরো ব্যাংকিং খাতকে খারাপ অবস্থায় রেখে তিন-চারটি ব্যাংক ভালো থাকলে, তাকে ভালো বলার সুযোগ নেই। আজ যারা ভালো আছে, তাদের ওপর পুরো ব্যাংকিং খাতের চাপ পড়তে বাধ্য এবং সেই চাপের কারণে এদের অবস্থাও খারাপের দিকে চলে যেতে পারে।
দেশের ব্যাংকিং খাত যে আজ নাজুক অবস্থার মধ্যে পড়ে গেছে, যেখানে মূলধন ভিত্তি বা সিআরএআর ঋণাত্মক হয়ে গেছে, খেলাপি ঋণের হার ৩৫%, পনেরোটি ব্যাংকের খেলাপি ঋণে ৮৫%, তা মূলত বিগত পাঁচ দশকের অব্যবস্থাপনা এবং আর্থিক বিশৃঙ্খলার চরম বহিঃপ্রকাশ। দেশের ব্যাংকিং খাতের এই সংকট এখন সবচেয়ে জটিল অবস্থার মধ্যে পড়ে গেছে। ব্যাংকিং খাতের সমস্যা বহুগুণ বেড়ে গেছে দেশের অর্থনীতির স্থবিরতা এবং ব্যবসাবাণিজ্যে খারাপ অবস্থা বিরাজ করার কারণে। এ রকম জটিল অবস্থায় দেশের ব্যাংকিং খাত আগে কখনও পড়েনি। ব্যবসাবাণিজ্যে গতি না থাকায় অনেক ভালো ঋণ দ্রুত খেলাপি হয়ে যাচ্ছে, যার প্রভাবে ব্যাংকিং খাত আরও খারাপের দিকে চলে যাচ্ছে। আবার ব্যাংকিং খাত ঠিক করতে গেলে এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের বিনিয়োগ, ব্যবসাবাণিজ্য এবং অর্থনীতিতে। দেশের ব্যবসাবাণিজ্য সচল করা এবং অর্থনীতিতে গতি আনতে হলে ব্যাংকিং খাতের সহায়তা প্রয়োজন, যা দেওয়ার মতো অবস্থায় দেশের ব্যাংকিং খাত এখন নেই।
সবকিছু মিলিয়ে ব্যাংকিং খাতের অবস্থা এতটাই খারাপ যে তাতে দেশের ব্যাংকিং খাত শুধু রাহুগ্রস্তই নয়, রীতিমতো ধ্বংসের কিনারে এসে ঠেকেছে। কীভাবে এখান থেকে উদ্ধার বা উত্তরণ ঘটানো যায় সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। ব্যাংকিং খাতের এই চরম সংকটে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। কিছু যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। সেই পদক্ষেপ বিদেশি পরামর্শক, আইএমএফ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক বা অন্য কোনো সংস্থার সুপারিশ নিলে খুব একটা কাজে আসবে না। কেননা এসব আন্তর্জাতিক সংস্থা স্বাভাবিক অবস্থায় কিছু মানসম্পন্ন সুপারিশ দিতে পারে। কিন্তু আমাদের দেশে তো স্বাভাবিক অবস্থা নেই। অস্বাভাবিক এবং নজিরবিহীন অবস্থা বিরাজ করছে। তাই বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে আমাদের অভিজ্ঞতার আলোকে কিছু আউট অব দ্য বক্স সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে। আমাদের প্রত্যাশা বাংলাদেশ ব্যাংক বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে ত্বরিত পদক্ষেপের দিকে অগ্রসর হবে।
লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা