× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাওয়াতের সৌন্দর্য

জ্ঞান, হিকমত ও ভারসাম্য

মুহাম্মাদ মুস্তফা জামান

প্রকাশ : ৯ মিনিট আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দাওয়াত ইসলামের এক মহান দায়িত্ব এবং মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে দাওয়াতের প্রকৃত সৌন্দর্য শুধু আবেগে নয়; বরং বিশুদ্ধ জ্ঞান, প্রজ্ঞা, উত্তম আচরণ ও ভারসাম্যপূর্ণ উপস্থাপনার মধ্যেই নিহিত। কারণ সঠিক জ্ঞান ও হিকমত ছাড়া আবেগনির্ভর দাওয়াত অনেক সময় কল্যাণের পরিবর্তে বিভ্রান্তি সৃষ্টি করে। দুঃখজনকভাবে, সমকালীন দাওয়াতি অঙ্গনেও এমন কিছু প্রবণতা লক্ষ করা যায়, যা ইসলামের প্রকৃত শিক্ষা ও নববী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

একজন মুসলিমকে নিম্নের বিষয়গুলো অবশ্যই অনুধাবন ও মেনে চলতে হবে। কিছু বিষয় পরিহার করাও আবশ্যক। নিচে তার কিছুটা উল্লেখ করা হলোÑ

১. যথাযথ যাচাই-বাছাই ছাড়া দুর্বল (যঈফ) কিংবা বানোয়াট (মাওজু) বর্ণনাকে হাদিস হিসেবে প্রচার করা। এতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে ভুল বক্তব্য প্রচারিত হয় এবং ইসলামের বিশুদ্ধ শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়।

২. আমিন জোরে বা আস্তে বলা, হাত বাঁধার স্থান ইত্যাদি ফিকহি মতপার্থক্যের বিষয়কে এমনভাবে তুলে ধরা, যেন এগুলোই ইসলামের মূল ভিত্তি। এমনকি ভিন্ন মতের অনুসারীদেরও ভুল পথে পরিচালিত বলে আখ্যায়িত করা। অথচ এসব বিষয়ে শরিয়তসম্মত মতপার্থক্যের অবকাশ রয়েছে।

৩. আধুনিক বিজ্ঞান কিংবা সাম্প্রতিক ঘটনাবলির সঙ্গে কুরআন-হাদিসের জোরপূর্বক সামঞ্জস্য খুঁজতে গিয়ে মনগড়া ব্যাখ্যা প্রদান করা। এতে সাময়িক আকর্ষণ সৃষ্টি হলেও পরবর্তী সময়ে ইসলামের বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন ওঠার সুযোগ তৈরি হয়।

৪. ইসলামের মূলনীতি ও শরয়ী দলিলের পরিবর্তে কোনো নির্দিষ্ট ব্যক্তি, পীর, শায়খ, বক্তা কিংবা সংগঠনের মতাদর্শকে চূড়ান্ত সত্য মনে করা এবং যাচাই-বাছাই ছাড়াই তা অনুসরণ করা। অথচ সত্যের মানদণ্ড ব্যক্তি বা দল নয়; বরং কুরআন ও সুন্নাহ।

৫. ধর্মীয় আবেগকে পুঁজি করে অর্থ উপার্জন, অনুদান সংগ্রহ কিংবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে দাওয়াতি কার্যক্রমকে ব্যবহার করা। এতে দাওয়াতের পবিত্র উদ্দেশ্য ও আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয়।

৬. ওয়াজ-মাহফিল কিংবা সামাজিক মাধ্যমে ভিন্নমতাবলম্বী ও অমুসলিমদের প্রতি বিদ্রুপাত্মক, অবমাননাকর ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা। অথচ এটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, সহনশীলতা ও দাওয়াতি আদর্শের পরিপন্থী।

১. দাওয়াতের সঠিক পথ ও ভারসাম্যপূর্ণ মূলনীতি হিকমত ও উত্তম উপদেশ

আল্লাহ তা’আলা বলেন, ‘তুমি তোমার রবের পথে আহ্বান করো হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে এবং তাদের সঙ্গে বিতর্ক করো উত্তম পন্থায়।’ সুরা আন-নাহল : ১২৫।

এই আয়াত দাওয়াতের চিরন্তন নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। কঠোরতা, গালাগাল কিংবা উগ্রতা দাওয়াতের সৌন্দর্য নয়। বরং নম্রতা, যুক্তিপূর্ণ বক্তব্য ও সুন্দর আচরণ মানুষের হৃদয়ে দ্বিনের প্রতি ভালোবাসা সৃষ্টি করে।

২. দাওয়াত দেওয়া দায়িত্ব ও ফলাফল আল্লাহর হাতে

আল্লাহ তা’আলা বলেন, তোমরা নিজেদের সংশোধনের প্রতি যত্নবান হও। তোমরা সৎপথে থাকলে পথভ্রষ্ট ব্যক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না।’ সুরা আল-মায়িদা : ১০৫।

অনেক নবী-রাসুল (আ.) দীর্ঘ সময় দাওয়াত দিয়েছেন, কিন্তু তাদের আহ্বানে অল্পসংখ্যক মানুষ সাড়া দিয়েছে। তাই দাওয়াতের ক্ষেত্রে দ্রুত ফল পাওয়ার অস্থিরতা কাম্য নয়। *আমাদের দায়িত্ব আন্তরিকতার সঙ্গে সত্য পৌঁছে দেওয়া; হিদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।*একই সঙ্গে নিজের আমল ও ইখলাসের প্রতি যত্নবান থাকাও জরুরি।

৩. দাওয়াতের ব্যস্ততায় নিজের আমলে অবহেলা নয়

ফরজে আইন ছেড়ে ফরজে কিফায়া কিংবা নফল কাজে ব্যস্ত হওয়া শরিয়তের ভারসাম্যপূর্ণ শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দাওয়াতের অজুহাতে হারামে জড়িয়ে পড়া, ফরজ নামাজের জামাত অবহেলা করা কিংবা ব্যক্তিগত ইবাদতে উদাসীন হওয়া কখনোই কাম্য নয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দায়ী; অথচ দাওয়াতের পাশাপাশি ইবাদত, পরিবার ও ব্যক্তিগত দায়িত্ব পালনে তিনি ছিলেন অনন্য আদর্শ। অতএব দাওয়াতের নামে নিজের সংশোধন ও আমলের উন্নতিকে উপেক্ষা করা উচিত নয়।

৪. অন্যায় প্রতিরোধ করা এক বিষয়, বিচার করা ভিন্ন বিষয়

সাধ্যমতো অন্যায় প্রতিরোধ, সৎকাজের উপদেশ এবং অসৎকাজ থেকে বিরত রাখার চেষ্টা করা মুসলিমের দায়িত্ব। তবে অপরাধের বিচার ও শাস্তি নির্ধারণ ব্যক্তিগত আবেগের বিষয় নয়; এটি বৈধ কর্তৃপক্ষ ও বিচারব্যবস্থার এখতিয়ার। গণপিটুনি কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়া জুলুম ও বিশৃঙ্খলার পথ তৈরি করে। ইসলামে বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাক্ষ্য-প্রমাণ, ন্যায়বিচার ও নির্ধারিত প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম।

৫. দাওয়াত ও পরচর্চা এক নয়

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের নামে অন্যের গোপন দোষ অনুসন্ধান করা কিংবা ব্যক্তিগত দুর্বলতা প্রচার করা বৈধ নয়। প্রকাশ্য অন্যায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় উপদেশ ও সংশোধনের চেষ্টা করতে হবে; কিন্তু মানুষের গোপনীয়তা রক্ষা এবং সম্মান অক্ষুণ্ণ রাখাও ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।

৬. ভয়ে সত্য গোপন নয়, আবার বেপরোয়া ঝুঁকিও নয়

সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা মুমিনের সাহসিকতার পরিচয়। সামান্য ভয়, বিরূপ মন্তব্য কিংবা লোকলজ্জার কারণে যথাসাধ্য দাওয়াতি দায়িত্ব পরিত্যাগ করা উচিত নয়। তবে বাস্তব ও প্রবল ক্ষতির আশঙ্কা থাকলে শরিয়তের নির্দেশনা ও পরিস্থিতি বিবেচনায় প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিয়ো না।’ সুরা আল-বাকারা : ১৯৫।

অতএব, দাওয়াতের ক্ষেত্রে সাহস ও সতর্কতাÑ উভয়েরই প্রয়োজন।

শিক্ষা ও সমাপ্তি

প্রিয় পাঠক, মনে রাখতে হবে, দাওয়াতের উদ্দেশ্য কাউকে পরাজিত করা নয়, বরং সত্যের পথে আহ্বান করা; মানুষের হৃদয় ভেঙে দেওয়া নয়, বরং হৃদয়ে সত্যের আলো পৌঁছে দেওয়া।

লেখক: পেশ ইমাম, বনানী মসজিদ আত-তাক্বওয়া

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা