× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজীবন সংগ্রামী নেত্রী খালেদা জিয়া

হাসান আহমেদ চৌধুরী কিরণ

প্রকাশ : ৪২ মিনিট আগে

আজীবন সংগ্রামী নেত্রী খালেদা জিয়া

গৃহবধূ থেকে ফার্স্ট লেডি এরপর আপসহীন নেত্রী তারপর প্রধানমন্ত্রী। প্রতিটি অধ্যায়েই দেশ ও মানুষের ভরসার জায়গা ছিলেন বেগম খালেদা জিয়া। তার আপসহীন নেতৃত্ব কেবল একটি রাজনৈতিক স্লোগান ছিল না। এটি ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জাতির পথ প্রদর্শক। বেগম খালেদা জিয়ার জীবন ছিল ত্যাগ, ধৈর্য ও সংগ্রামের এক অনন্য উপাখ্যান। 

১৯৪৫ সালে দিনাজপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ১৯৬০ সালে তিনি সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বাধীনতার পর জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপতি হলেও খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ হিসেবেই জীবনযাপন করতেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হলে চরম বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নেতাকর্মীদের অনুরোধে এবং দেশের গণতান্ত্রিক সংকট উত্তরণে ১৯৮২ সালের জানুয়ারিতে তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন। এর দুই বছর পর তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন।

আশির দশকে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে তিনি আপসহীন আন্দোলনের সূচনা করেন। ১৯৮৩ সালে তার নেতৃত্বে গঠিত হয় সাতদলীয় ঐক্যজোট। ১৯৮৬ সালের এরশাদের অধীনে বিতর্কিত নির্বাচনে অংশ না নেওয়ার দৃঢ় সিদ্ধান্ত এবং রাজপথে টানা আন্দোলনের কারণে ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তাকে সাতবার আটক ও গৃহবন্দি করা হয়। কোনো প্রলোভন বা চাপে নতি স্বীকার না করায় দেশের মানুষ তাকে ‘আপসহীন নেত্রী’ উপাধিতে ভূষিত করে। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদের পতন ঘটলে তার এই আপসহীন সংগ্রাম ঐতিহাসিক পূর্ণতা পায়। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয় লাভ করলে বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার হাত ধরেই দেশে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি মোট তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৭-এ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র পরিচালনায় আসে। খালেদা জিয়া অনুমান করেন এই তত্ত্বাবধায়ক সরকারের পেছনে আছে সামরিক বাহিনীর একাংশ। তিনি তার দৃঢ় প্রজ্ঞা দিয়ে বুঝতে পারেন দেশে একটি সামরিক ক্যু হয়ে গেছে। তাই বঙ্গভবনে অনুষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকেন তিনি ও তার দল। সেনাসমর্থিত সরকার বহু চেষ্টা করেছে খালেদা জিয়ার অসাধারণ জনপ্রিয়তার শিকড় উপড়ে ফেলতে। খালেদা জিয়াকে তখন আরও অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তার পরিবার চরম রাজনৈতিক নিপীড়নের শিকার হয়। দুই পুত্রকে গ্রেপ্তার ও নির্যাতনের পরও তিনি দেশ ছাড়ার চাপ প্রত্যাখ্যান করে সুদৃঢ়ভাবে জানিয়ে দেন, তার একমাত্র ঠিকানা বাংলাদেশ।

সেনাসমার্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি কুচক্রী মহল মাইনাস টু ফর্মুলার ষড়যন্ত্র শুরু করে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে দেশ ছেড়ে আমেরিকায় যান। হাসিনা বিদেশে চলে যাওয়ার পর খালেদা জিয়ার ওপর তীব্র চাপ সৃষ্টি করা হয় যেন তিনিও বিদেশে চলে যান। কিন্তু খালেদা জিয়া ফখরুদ্দীন-মইন উদ্দিনের ওই প্রস্তাবে রাজি হননি। ২ সেপ্টেম্বর ২০০৭-এ খালেদা জিয়ার বিরুদ্ধে সেনাসমর্থিত সরকার দুর্নীতির দায়ে একটি মামলা করে। পরের দিন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় এবং সংসদ ভবনের কাছেই সাব-জেলে বন্দি করা হয়। গ্রেপ্তারের দীর্ঘ এক বছর আট দিন পর খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।

এর পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করে। তড়িঘড়ি, সাজানো ও পাতানো নির্বাচনে বহুবিধ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গণতন্ত্র রক্ষার স্বার্থে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে রাজি হন। তখনও বিএনপির বহু নেতাকর্মী জেলে ছিলেন। সে সময়ে বিএনপির কিছু নেতা সংস্কারপন্থী হয়ে ফখরুদ্দীন-মইন উদ্দিনের সাথে হাত মেলানোর অভিযোগ উঠেছিল। এক কথায়, বিএনপি তখন খুবই বেকায়দায় ছিল। তবুও খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণের চ্যালেঞ্জ নেন এবং জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি তোলেন। একটি বিধ্বস্ত দলকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা এবং নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে খালেদা জিয়া দেশজুড়ে নির্বাচনী সভা-সমাবেশ শুরু করেন। মাত্র ১৪ দিনে তিনি প্রায় ১০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন এবং শতাধিক জনসভা ও পথসভায় নির্বাচনী ভাষণ দেন। বাংলাদেশের নির্বাচনী প্রচারণার ইতিহাসে এটা ছিল একটা নতুন রেকর্ড।

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ডিসেম্বর ২০০৮-এর পাতানো নির্বাচনে বিএনপিকে হারিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার গঠন করার পর খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানি ও প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে থাকে। নভেম্বর ২০১০-এ আওয়ামী লীগ সরকার অবৈধভাবে খালেদা জিয়ার ৪০ বছরের স্মৃতিবিজড়িত বাসভবন থেকে জোর করে তাকে উচ্ছেদ করে। এতকিছুর পরেও খালেদা জিয়া কখনও প্রতিহিংসার রাজনীতি করেননি। 

জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে হাসিনা সরকার সংবিধান থেকে নির্বাচনকালীন তত্ত্বধায়ক সরকারেরি বিধান বাতিল করে। তারা ২০১৪ সালে দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নীলনকশা করে। লীগ সরকারের সে একতরফা নির্বাচন প্রতিরোধের ডাক দেন খালেদা জিয়া। এর অংশ হিসেবে ২৯ ডিসেম্বর ২০১৩ মার্চ ফর ডেমক্রেসি কর্মসূচি ঘোষণা করা হয়। আওয়ামী সরকার এই কর্মসূচিতে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। রাজধানী ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। কর্মসূচির আগে ২৭ তারিখ রাত থেকে বেগম খালেদা জিয়াকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। বাড়ির সামনের রাস্তার দুই পাশে বালির ট্রাক দিয়ে আটকে চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিনি অবরুদ্ধ থাকা অবস্থায় ৫ জানুয়ারি ২০১৪ সালে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার নির্বাচন প্রতিরোধের ডাকে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকে। মাত্র ৫ শতাংশের কম মানুষ এই নির্বাচনে ভোট দেয়। নির্বাচনে প্রার্থী না থাকার কারণে ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়।

২০১৫ সালে গুলশানের অফিসে অবরুদ্ধ থাকাকালে মালয়েশিয়ায় অবস্থানরত তার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়। এতে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েন। এরপর ২০১৮ সালে সাজানো দুর্নীতির মামলায় দণ্ডিত করে তাকে দীর্ঘদিন কারাবন্দি করে রাখে আওয়ামী সরকার। কারাগারে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। এর প্রেক্ষিতে ২০২০ সালে করোনা মহামারির সময় শর্তসাপেক্ষে তাকে করারগার থেকে গৃহে অন্তরীণ রাখা হয়। এতসব প্রতিকূলতা ও অসুস্থতার মাঝেও তিনি কখনও নিজের রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। ব্যক্তিগত জীবনে নানামুখী বিপর্যয়ের মাঝেও খালেদা জিয়া তার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন দৃঢ়ভাবে চালিয়ে যান। এই আন্দোলনে তার স্লোগান ছিলÑ দেশ বাঁচাও, মানুষ বাঁচাও।

রাজনৈতিক জীবনে খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। বিরোধী দলের নেতা ছিলেন দুইবার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির চেয়ারপারসন ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তন ঘটলে রাষ্ট্রপতির আদেশে বেগম খালেদা জিয়া মুক্তি লাভ করেন। দীর্ঘ বন্দিজীবন ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগার পর গত বছরের ৩০ ডিসেম্বর তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকায় তার জানাজায় ছিল লাখো লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর ২০২৬, সোমবার, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তার জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু মানুষ মৃত্যুর পরও অমর হয়ে থাকেন, বেগম খালেদা জিয়া তেমনই একজন। জীবনের শুরুতে যিনি ছিলেন এক সাদামাটা গৃহবধূ দেশ ও মানুষের প্রয়োজনে তিনিই হয়ে উঠেছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ভাষা, আপসহীনতার প্রতীক, গণতন্ত্রের অবিচল পাহারাদার। তার জীবন ও সংগ্রাম কেবল ব্যক্তিগত কোনো আত্মকাহিনী নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের উত্থান-পতন ও দীর্ঘ সংগ্রামের এক জীবন্ত দলিল।


লেখক: চেয়ারম্যান, ডিবেট ফর ডেমোক্রেসি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা