প্রাণিসম্পদ সপ্তাহ
সম্পাদকীয়
প্রকাশ : ৪৫ মিনিট আগে
ছবি: ফেসবুক থেকে
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’Ñ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। গত পরশু মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক কার্যক্রম, র্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হবে। এবার আটটি ক্যাটাগরিতে ২৩ জনকে পদক দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিতদের হাতে এ পদক তুলে দেবেন। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিন নানা কমসূচির মধ্য দিয়ে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচিটি পালিত হবে। তবে কর্মসূচির নাম ‘প্রাণিসম্পদ সপ্তাহ’ হলেও কী কারণে তা তিন দিনে সীমিত করা হয়েছে, মন্ত্রী তা স্পষ্ট করেননি।
আমাদের মতো কৃষিপ্রধান দেশে খাদ্যশস্যের পাশাপাশি প্রাণিসম্পদের গুরুত্ব অপরিসীম। খাদ্য চাহিদা পূরণ এবং প্রাণিজ আমিষ সরবরাহের ক্ষেত্রে মৎস্য ও গবাদি পশুর গুরুত্বের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সবচয়ে বড় কথা, এ চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ফলে প্রাণিসম্পদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের বিকল্প নেই।
প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতীয় প্রবৃদ্ধিতেও এ খাতের অবদান একেবারে কম নয়। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। আর কৃষি প্রবৃদ্ধিতে ১৬ দশমিক ৫৬ শতাংশ। প্রাণিসম্পদের মধ্যে রয়েছে গরু, ছাগল, মহিষ, হাঁস-মুরগি ও মাছ। তথ্য মতে, ২০২৫-২৬ অর্থবছরে দেশে গরু-মহিষের দুধ উৎপাদিত হয়েছে ১৫৭ দশমিক ৫৩ লাখ টন। মাংস উৎপাদিত হয়েছে ৯০ দশমিক ৭০ লাখ টন। আর ডিম উৎপাদিত হয়েছে ২ হাজার ৫০৯ কোটিটি।
কৃষি খাত তথা প্রাণিসম্পদের উন্নয়নের পথে বাংলাদেশের যাত্রা শুরু মূলত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। তার ‘স্বনির্ভর বাংলাদেশ’ কর্মসূচির প্রধান লক্ষ্যই ছিল দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। বাণিজ্যিকভাবে গবাদি পশু-হাঁস-মুরগি পালন এবং মাছের চাষ শুরু হয় তখন থেকেই। তার পর থেকে বিগত সাড়ে চার দশকে বাংলাদেশ এ ক্ষেত্রে যে ব্যাপক অগ্রগতি লাভ করেছে, তা অস্বীকার করা যাবে না। যদিও প্রাতিষ্ঠানিক অব্যবস্থা, ব্যাংকঋণ নিয়ে নয়ছয়, কতিপয় অসৎ কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির কারণে সে কর্মসূচি কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারেনি।
আগে শিশুদের খাওয়ার উপযোগী গুঁড় দুধ, যা শিশুখাদ্য হিসেবে পরিচিত, পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হতো। কিন্তু গো-সম্পদ উন্নয়নের ফলে এখন তা উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। একসময় গ্রামাঞ্চলে গেরস্ত বাড়িতে দু-চারটি গরু-ছাগল পুষতে দেখা যেত। এখন প্রায় প্রতি গ্রামে দু-চারটি করে গরুর খামার দেখা যায়। এসব খামারে উৎপাদিত গরু-ছাগল আমাদের দেশের মাংসের চাহিদা যেমন পূরণ করছে, পাশাপাশি বিদেশে মাংস রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। আগে কোরবানির পশুর জন্য প্রতিবেশী দেশটির ওপর আমাদের অনেকাংশে নির্ভর করতে হতো। সেসব পশুর প্রায় সবই আসত চোরাপথে। এখন আর সে অবস্থা নেই। গো-খামার বৃদ্ধির ফলে এখন আর কোরবানির পশুর জন্য অন্য দেশের ওপর আমাদের নির্ভর করতে হয় না। তেমনি হাঁস-মুরগির খামারের ব্যাপক সম্প্রসারণের ফলে ডিম ও মাংসের অভাবও অনেকাংশে দূর হয়েছে।
প্রাণিসম্পদ বলতে শুধু গৃহপালিত পশু ও হাঁস-মুরগিকে বোঝায়, তা নয়। বন্যপ্রাণীও এর অন্তর্ভুক্ত। দেশের বনাঞ্চল কমে যাওয়ায় বাঘ, হাতি, হরিণসহ অন্যান্য বনজ পশু ধীরে ধীরে কমে যাচ্ছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এসব বনজ পশুর ভূমিকার কথা অনস্বীকার্য। সে জন্য দেশে বন্য পশু সংরক্ষণ আইনও রয়েছে। কিন্তু এক শ্রেণির বিবেকহীন শিকারি আইন অমান্য করে সেসব পশু নিধন করে চলেছে। অপরিণামদর্শী কতিপয় মানুষ মাংস খাওয়ার লোভে বনের সৌন্দর্যের প্রতীক হরিণ শিকার করতে দ্বিধা করে না। এমতাবস্থায় অনেকেই অভিমত দিয়েছেন, সুনির্দিষ্ট আইনের আওতায় লাইসেন্স প্রদান করে ব্যক্তিগত খামারে হরিণ পোষার অনুমতি দেওয়ার। তবে শর্ত থাকবে যে সেসব খামারে উৎপাদিত হরিণের একটি নির্দিষ্ট অংশ দেশের সাফারি পার্কগুলোতে অবমুক্ত করে দিতে হবে বা চিড়িয়াখানায় হস্তান্তর করতে হবে।
ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমিষের চাহিদাও প্রতিনিয়ত বাড়বে। সে চাহিদা পূরণের লক্ষ্যে সময়োপযোগী কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিকল্প নেই। বছরে একবার ঘটা করে সপ্তাহ পালন তখনই সার্থক হবে, যখন মূল সমস্যা চিহ্নিত করে তা প্রতিকারের পদক্ষেপ নেওয়া হবে। সরকার এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবেÑ দেশবাসীর প্রত্যাশা সেটাই।