মন্জুরুল ইসলাম
প্রকাশ : ৫১ মিনিট আগে
মন্জুরুল ইসলাম। ফাইল ছবি
রাজনীতি হলো একটি খেলা। একসময় রাজায় রাজায় খেলা হতো, এখন শাসনপদ্ধতিতে রাজা নেই। রাজার স্থান দখল করেছেন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। অনেক ক্ষেত্রে জনগণও নেতা হয়ে যান। বিক্ষোভ হয়, আন্দোলন হয়। ফ্যাসিবাদ যখন জনগণের ঘাড়ের ওপর চেপে বসে তখন সুযোগ বুঝে ফুঁসে ওঠে জনগণ। রাষ্ট্রে তাদের মালিকানা দাবি করে। ফ্যাসিবাদের মহানায়করা যখন পালিয়ে যেতে বাধ্য হয়, তখন রাজনৈতিক দল ও জনগণ এক কাতারে বসে যায়। ঐক্যবদ্ধ থেকে নতুন কিছু করতে চায়। আবার স্বার্থের ব্যাঘাত ঘটলে ঐক্যে ফাটল ধরে। সেই ফাটলের ফাঁক দিয়ে ফ্যাসিবাদ আবার মাথা ঢুকিয়ে দেয়। আমাদের রাজনীতিতেও এখন মাথা
ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টায় বিতাড়িতরা সফল হলে অনেক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে। সুতরাং চব্বিশের সুবিধাভোগীদের নিজেদের অস্তিত্বের স্বার্থেই মিলেমিশে থাকতে হবে। ভাগে কার কম পড়ল, কার ভাগে সুবিধার ভাগ বেশি পড়ল, সে হিসাবের সময় এখন নয়।
‘রাজনীতি’ শব্দটির উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে। শব্দটি দুটি অংশের সমন্বয়ে গঠিত ‘রাজ’ এবং ‘নীতি’। রাজ শব্দটি রাজা, শাসন, রাষ্ট্র বা রাজ্য পরিচালনার ধারণার সঙ্গে সম্পর্কিত। নীতি শব্দটি নীতিমালা, আদর্শ, নিয়ম, কৌশল বা পরিচালনার পদ্ধতি। অর্থাৎ আক্ষরিক অর্থে রাজনীতি হলো রাজ্য বা রাষ্ট্র পরিচালনার নীতি ও পদ্ধতি। তবে আধুনিক অর্থে রাজনীতি শুধু রাজা বা শাসকের রাষ্ট্র পরিচালনার বিষয় নয়। বরং রাষ্ট্রের ক্ষমতা অর্জন, প্রয়োগ, বণ্টন, জনস্বার্থ রক্ষা এবং সমাজ পরিচালনার প্রক্রিয়াকেও রাজনীতি বলা হয়। শব্দটির আক্ষরিক অর্থ যদি হয় রাজার নীতি বা রাষ্ট্র পরিচালনার নীতি, তাহলে আধুনিক গণতন্ত্রে রাজনীতির অর্থ আরও ব্যাপক। এখানে রাজা নন, জনগণই রাষ্ট্রের মালিক। সেই বিবেচনায় রাজনীতিকে শুধু ক্ষমতা অর্জনের কৌশল হিসেবে না দেখে জনগণের কল্যাণ, অধিকার, প্রতিনিধিত্ব ও রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে দেখা অধিকতর অর্থবহ।
বাংলাদেশের রাজনীতির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, আমরা কি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে গণতান্ত্রিক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারব, নাকি মতপার্থক্য ও ক্ষমতার দ্বন্দ্ব আমাদের আবারও সংঘাতের দিকে ঠেলে দেবে? একটি দেশের গণতন্ত্র কেবল নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্রের প্রকৃত শক্তি নির্ভর করে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতার ওপর। পেছনের দিকে তাকালে আমাদের ইতিহাসে রাজনৈতিক ঐক্যের যেমন ইতিবাচক দৃষ্টান্ত রয়েছে, তেমনি রাজনৈতিক বিভক্তি, প্রতিহিংসা ও সংঘাতের নেতিবাচক অভিজ্ঞতাও কম নয়। স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলনÑ বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অবস্থান জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবার দলীয় বিভাজন ও পারস্পরিক অবিশ্বাসের কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিজ্ঞতাও আমাদের রয়েছে।
আজকের বাস্তবতায় তাই প্রয়োজন এমন একটি রাজনৈতিক সংস্কৃতি, যেখানে গণতান্ত্রিক অধিকার, জনগণের ভোটাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রশ্নে দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য থাকবে। সরকার ও বিরোধী দল নিজেদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো রক্ষার প্রশ্নে একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠবে না।
এখন প্রশ্ন হচ্ছে, কিসের ওপর ভিত্তি করে একটি স্থায়ী ও নির্ভরযোগ্য ঐক্য গড়ে উঠবে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক। দীর্ঘদিনের ক্ষমতাকেন্দ্রিক শাসনব্যবস্থার অবসানের মধ্য দিয়ে মানুষের সামনে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের একটি সুযোগ তৈরি হয়েছিল। এই পরিবর্তনের পেছনে ছাত্র-জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক শক্তির ভূমিকা ছিল। কিন্তু অভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে সেই সম্মিলিত আকাঙ্ক্ষা কতটা ধরে রাখা সম্ভব হয়েছে, সেটি এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কিন্তু নির্বাচন হয়ে গেলেই গণতন্ত্রের সব সংকটের অবসান ঘটে না। নির্বাচিত সরকারের দায়িত্ব যেমন জনগণের অধিকার রক্ষা করা, তেমনি বিরোধী দলের দায়িত্বও সংসদীয় রাজনীতিকে কার্যকর রাখা। ক্ষমতাসীন দলের দায়িত্ব বিরোধী মতকে সম্মান করা। আর বিরোধী দলের দায়িত্ব রাষ্ট্রের স্বার্থে গঠনমূলক সমালোচনা করা। বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে অন্তত কয়েকটি বিষয়ে অভিন্ন অবস্থান থাকা প্রয়োজন। সেগুলো হলোÑ কোনো ব্যক্তি বা দলের হাতে রাষ্ট্রীয় ক্ষমতার একচ্ছত্র কেন্দ্রীভবন হতে দেওয়া যাবে না। নির্বাচনী ব্যবস্থাকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। বিচার বিভাগ ও প্রশাসনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করা যাবে না।
ফ্যাসিবাদী বা স্বৈরতান্ত্রিক প্রবণতা প্রতিরোধের প্রশ্নটি তাই কোনো একটি দলের একক রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। ইতিহাসের শিক্ষা হলো, কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংস্কৃতির সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকালে দেখা যায়, ২০০৭ সালের ডিসেম্বরে কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধ এবং রাজনৈতিক-জাতিগত মেরুকরণ দেশটিকে ভয়াবহ সহিংসতার মধ্যে ঠেলে দেয়। হিউম্যান রাইটস ওয়াচের ২০০৮ সালের প্রতিবেদন অনুযায়ী, ওই সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত হয় এবং প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। নির্বাচনী ফলাফল নিয়ে বিরোধ, রাজনৈতিক নেতাদের উস্কানি, জাতিগত বিভাজন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ এবং বিচারহীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এর অর্থ, রাজনৈতিক প্রতিযোগিতা যখন প্রতিহিংসা ও পরিচয়ভিত্তিক সংঘাতে রূপ নেয়। তখন তার মূল্য দিতে হয় পুরো জাতিকে। পরবর্তী সময়ে জাতীয় সংলাপ ও সমঝোতার উদ্যোগ পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ার সামনে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছিল। কিন্তু রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ক্ষমতা ও রাষ্ট্র পরিচালনার কাঠামো নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। পরবর্তী সময়ে দেশটি পূর্ব ও পশ্চিমে প্রতিদ্বন্দ্বী ক্ষমতাকেন্দ্রে বিভক্ত হয়ে পড়ে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে শক্তিশালী অবস্থান তৈরি করে। জাতিসংঘের ২০২৫ সালের নিরাপত্তা পরিষদ প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় বিভক্ত প্রতিষ্ঠান, শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী এবং নির্বাচন ও সাংবিধানিক ব্যবস্থা নিয়ে ঐকমত্যের অভাব দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা তৈরি করেছে। ২০২৫ সালের মে মাসেও ত্রিপোলিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ ঘটে। লিবিয়ার অভিজ্ঞতা আমাদের একটি বড় শিক্ষা দেয়Ñ কেবল পুরনো শাসনব্যবস্থার পতন ঘটালেই একটি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। নতুন রাষ্ট্রব্যবস্থা নির্মাণের জন্য রাজনৈতিক সমঝোতা, শক্তিশালী প্রতিষ্ঠান এবং আইনের শাসন অপরিহার্য।
পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসেও ক্ষমতার দ্বন্দ্ব, দলীয় মেরুকরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা দীর্ঘদিনের সমস্যা। ২০২২ সালে অনাস্থা ভোটে ইমরান খানের সরকারের পতনের পর রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পায়। ২০২৩ সালের মে মাসে ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে সংঘর্ষ, বিক্ষোভ এবং সরকারি ও সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে তার দল পিটিআইয়ের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়া হয়। ২০২৪ সালের নির্বাচনেও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ও আস্থার সংকট অব্যাহত ছিল। পাকিস্তানের অভিজ্ঞতায় দেখা যায়, রাজনৈতিক বিরোধ যখন সংসদীয় আলোচনা ও সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে চলে যায়, তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও রাজনৈতিক সংঘাতের অংশ হয়ে পড়ার ঝুঁকিতে থাকে।
শ্রীলঙ্কায় ২০২২ সালের অর্থনৈতিক সংকটের সময় গণবিক্ষোভে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগে বাধ্য হন। অর্থনৈতিক বিপর্যয়, দুর্নীতির অভিযোগ, পরিবারকেন্দ্রিক ক্ষমতাচর্চা এবং জবাবদিহির অভাব জনরোষকে তীব্র করে তোলে। নেপালেও ২০২৫ সালের জেন-জির নেতৃত্বাধীন আন্দোলন সরকার পরিবর্তনের পরিস্থিতি সৃষ্টি করে। এসব ঘটনা একেবারে একই ধরনের নয়। তবে এসব ঘটনা থেকে অনুধাবন করা যায় যে রাজনৈতিক নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে এবং রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে গেলে পরিস্থিতি কত দ্রুত বদলে যেতে পারে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল আইডিয়ার ২০২৬ সালের গণতন্ত্র বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক রূপান্তরের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হয়েছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বার্টেলসম্যান স্টিফটুংয়ের বাংলাদেশ বিষয়ক রিপোর্টে (BTI 2026 Bangladesh Country Report) বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের বৈরিতা, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সহিংসতার ঐতিহাসিক ধারাবাহিকতার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিএনপি, জামায়াতে ইসলামী ও নতুন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা ও প্রভাব বিস্তারের চেষ্টা রাজনৈতিক সম্প্রীতিকে কঠিন করে তুলছে। একই সঙ্গে প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়ে ঐকমত্যের সম্ভাবনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
এখানে একটি বিষয় স্পষ্টভাবে মনে রাখতে হবে, ঐক্য মানে সব রাজনৈতিক দলের এক মঞ্চে আসা নয়। ঐক্য মানে ক্ষমতার ভাগাভাগি নয়, আদর্শ বিসর্জনও নয়। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বামপন্থী দল, ইসলামী রাজনৈতিক দল এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তির মধ্যে রাজনৈতিক কর্মসূচি ও আদর্শগত পার্থক্য থাকতেই পারে। কিন্তু জনগণের ভোটাধিকার, সাংবিধানিক শাসন, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে তাদের মধ্যে একটি অভিন্ন অবস্থান থাকা প্রয়োজন।
রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন কঠিন। বিদেশি বিনিয়োগকারী যখন একটি দেশে বিনিয়োগের কথা ভাবেন, তখন শুধু শ্রমের মূল্য, বাজারের আকার কিংবা অবকাঠামো দেখেন না। তারা রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন, নীতির ধারাবাহিকতা এবং বিনিয়োগের নিরাপত্তাও বিবেচনা করেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, প্রবাস আয়, রপ্তানি, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ অপরিহার্য। রাজনৈতিক সংঘাত ও অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে বিদেশি ক্রেতারা বিকল্প বাজার খুঁজবেন। বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন এবং কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে। এর সবচেয়ে বড় মূল্য দিতে হবে সাধারণ মানুষকে। এখানে সরকার ও বিরোধী দলÑ উভয়ের দায়িত্ব রয়েছে। সরকারকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে বিরোধী দল নিরাপদে ও স্বাধীনভাবে রাজনীতি করতে পারে। বিরোধী দলকেও সংসদীয় ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের প্রতিবেদনে দেশে ১ হাজার ১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা, ৭৩ জন নিহত এবং ৬ হাজার ৪৭৩ জন আহত হওয়ার তথ্য তুলে ধরা হয়েছে। এটি একটি বেসরকারি সংস্থার পর্যবেক্ষণ; তবে রাজনৈতিক সহিংসতা যে এখনও উদ্বেগের বিষয়, তা স্পষ্ট। তবে এই উদ্বেগের অন্যতম কারণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে দায়ী করা হচ্ছে।
বাংলাদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছে, ২০২৪ সালে জীবন দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা ছিল একটি মানবিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ। চব্বিশের সুফলভোগীদের অনৈক্যের কারণে সেই আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যাক, তা কারও কাম্য নয়।
দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোর পারস্পরিক প্রতিযোগিতার পাশাপাশি সহযোগিতার সক্ষমতার ওপরও নির্ভর করছে। ক্ষমতার রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐকমত্য প্রতিষ্ঠা করতে না পারলে অতীতের ভুলের পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যাবে। তাই পলাতক ফ্যাসিস্ট মোকাবেলায় আজ সবচেয়ে বড় প্রয়োজনÑ রাজনৈতিক ঐক্য, গণতান্ত্রিক সহাবস্থান এবং জাতীয় স্বার্থে সম্মিলিত দায়িত্ববোধ।
লেখক: সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ