× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুষের আধিপত্য

সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম অন্তরায়

সম্পাদকীয়

প্রকাশ : ২৭ মিনিট আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি কোনো দপ্তর ও সংস্থায় সেবা পেতে ঘুষ দিতে হয়Ñ এমন অভিযোগ নতুন নয়। বরং এটা একরকম অলিখিত বিধানেই পরিণত হয়েছে। সরকারি দপ্তরে কোনো কাজে গেলে ঘুষের জন্য কিছু টাকা পকেটে নিয়েই যেতে হয়। জন্মনিবন্ধন, ভূমিসেবা, জমি রেজিস্ট্রি, আইনি সুরক্ষা, প্রশাসনিক কাজ কিংবা সরকার অনুমোদিত বহু ক্ষেত্রেই সেবাগ্রহীতাদের অনৈতিক অর্থ লেনদেনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। নিয়ম অনুযায়ী যে সেবা নাগরিকের প্রাপ্য তা পেতে যদি অতিরিক্ত অর্থ দিতে হয়, সেটি কেবল ব্যক্তিগত ভোগান্তি নয়; রাষ্ট্রের সেবাব্যবস্থা ও জবাবদিহিতার প্রতি নাগরিকের আস্থারও সংকট। দুর্ভাগ্যজনকভাবে, ঘুষের এই সংস্কৃতি অনেক ক্ষেত্রে যেন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বলা চলে ঘুষ দেওয়াকে অনিয়ম না ভেবে সেবা পাওয়ার ‘অনিবার্য’ শর্ত হিসেবেই অনেকে মেনে নিতে বাধ্য হচ্ছেন।

সাম্প্রতিক নানা জরিপ ও বাস্তবতায় দেখা যায়, বাংলাদেশের ৭০ শতাংশের বেশি সেবাগ্রহীতাকে কোনো না কোনোভাবে এই অদৃশ্য প্রথা মানতে হচ্ছে। সুনির্দিষ্ট প্রমাণের অভাব এবং হয়রানির ভয়ে অধিকাংশ ঘুষ লেনদেনই হয় লোকচক্ষুর অন্তরালে। সম্প্রতি ‘ঘুষ ডট সাইট’ (ghush.site) নামের একটি ডিজিটাল প্লাটফর্ম সাধারণ মানুষের সামনে নতুন এক প্রতিবাদের ভাষা তৈরি করেছে। বাংলাদেশি দুই তরুণের উদ্যোগে গড়ে ওঠা এই ওয়েবসাইটে ভুক্তভোগীদের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রেখে সরকারি দপ্তরে ঘুষ চাওয়ার অভিজ্ঞতা ও অভিযোগ তুলে ধরার সুযোগ পাচ্ছেন। দপ্তরভিত্তিক অনিয়মের চিত্র তুলে ধরার এ প্রক্রিয়াটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

গতকাল প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের ২১ আগস্ট যাত্রা শুরু করা ওয়েবসাইটটিতে ১৯ নভেম্বর পর্যন্ত ৯০ দিনে ঘুষ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে ২১ হাজার ৯৪টি। এসব অভিযোগে সেবাগ্রহীতাদের কাছে ঘুষ হিসেবে দাবি করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৮ কোটি ২৭ লাখ টাকা। এককভাবে সর্বোচ্চ ঘুষ দাবির অভিযোগ উল্লেখ করা হয়েছে ১০ কোটি টাকা। বিভাগভিত্তিক অভিযোগের পরিসংখ্যানে দেশের আটটি বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। উদ্যোক্তারা বলছেন, কোনো ব্যক্তিকে চিহ্নিত করা নয়, বরং কোন দপ্তর বা সেবাকে ঘিরে বেশি ঘুষের অভিযোগ আসছেÑ তা তুলে ধরাই তাদের উদ্দেশ্য। ওয়েবসাইটে বিভাগ, দপ্তর, সেবার ধরন, দাবিকৃত অর্থ ও ঘটনার ফলাফল অনুযায়ী অভিযোগগুলো দেখা যায়। তারা আরও বলছেন, অভিযোগ জমার পর মডারেশনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, আক্রমণাত্মক ও অস্পষ্ট বক্তব্য এবং নীতিমালা লঙ্ঘনকারী অংশ বাদ দিয়ে তা প্রকাশ করা হয়। 

এখন প্রশ্ন হলো, নাগরিকের এ ধরনের অভিযোগের পর রাষ্ট্র কী করবে? আমরা বলতে চাই, প্রকাশিত অভিজ্ঞতাগুলোকে নিছক অনলাইন আলোচনা হিসেবে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশনের উচিত এসব অভিযোগকে সম্ভাব্য অনিয়ম শনাক্তের সূত্র হিসেবে বিবেচনা করা। অভিযোগের ধরন, সংশ্লিষ্ট দপ্তর এবং সেবার পর্যায় বিশ্লেষণ করে প্রয়োজনীয় অনুসন্ধান ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ নেওয়া। পাশাপাশি সরকারি সেবার নির্ধারিত ফি, সময়সীমা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য সহজে দৃশ্যমান করা, অনলাইন সেবা সম্প্রসারণ এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।

এটা অনস্বীকার্য যে, এ ধরনের কোনো ওয়েবসাইট রাষ্ট্রীয় তদন্ত সংস্থা নয়, কিংবা দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিকল্পও হতে পারে না। পাশাপাশি বেনামি অভিযোগের ভিত্তিতে কারও বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া যেমন সম্ভব নয়, তেমনি এ ধরনের উন্মুক্ত প্লাটফর্মে অসত্য বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য যুক্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। তাই অভিযোগমাত্রই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপরাধের চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচিত হওয়া উচিত নয়। এক্ষেত্রে অভিযোগের সত্যতা যাচাই, অভিযুক্তের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করার দায়িত্ব যথাযথ কর্তৃপক্ষের। ব্যক্তিগত আক্রোশ, ভুল তথ্য কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ যেন এই প্লাটফর্মকে ব্যবহারের সুযোগ না পায়Ñ সে বিষয়েও উদ্যোক্তাদের সতর্ক থাকতে হবে। 

প্রযুক্তি যখন জনগণের হাতে জবাবদিহিতার হাতিয়ার হয়ে ওঠে, তখন রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব হলো সেই বার্তাকে আমলে নিয়ে সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে আসা। ঘুষের এই কুসস্কৃতি নির্মূল করতে হলে কেবল নাগরিকদের ডিজিটাল প্রতিবাদই যথেষ্ট নয়, প্রয়োজন সরকারের সদিচ্ছা, প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। তবেই সাধারণ মানুষ হয়রানিমুক্ত ও মর্যাদাপূর্ণ সরকারি সেবা পাবার সাংবিধানিক অধিকার ফিরে পাবে। মনে রাখতে হবে, ঘুষমুক্ত সরকারি সেবা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিকের অধিকার এবং রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা