আহমেদ তোফায়েল
প্রকাশ : ৩৪ মিনিট আগে
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলোর ক্রমাগত লোকসান জাতীয় অর্থনীতির পিঠে এক দুর্বহ বোঝা হয়ে আছে দীর্ঘদিন ধরে। এসব কারখানার কোনোটি দীর্ঘদিন ধরে বন্ধ, কোনোটি সীমিত উৎপাদনে চলছে, আবার কোনোটি বাজারে টিকে থাকার মতো সক্ষমতা হারিয়েছে। অন্যদিকে একই ধরনের পণ্য উৎপাদনে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে। ফলে রাষ্ট্রীয় মালিকানার এসব কারখানা চালু রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই প্রেক্ষাপটে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সার কারখানা ছাড়া অন্য সব শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতের বিনিয়োগে পরিচালনার উদ্যোগ নিয়েছে বলে সরকারের শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সম্প্রতি জানিয়েছেন। আগামী বছরের জানুয়ারি থেকে প্রক্রিয়া শুরু হতে পারে।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৬ মার্চ বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর আওতায় পাট, বস্ত্র ও চিনি শিল্পের কারখানাসহ ১৫ লাখ টাকার বেশি সম্পদ সম্পন্ন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান সরকার নিয়ন্ত্রণে নেয়। তখনকার অর্থনৈতিক বাস্তবতায় রাষ্ট্রের এই ভূমিকার পেছনে যুক্তি ছিল। সদ্য স্বাধীন দেশে বেসরকারি বিনিয়োগের সক্ষমতা ছিল সীমিত। তাই শিল্পকারখানা চালু রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনব্যবস্থা সচল রাখার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হয়েছিল।
কিন্তু কয়েক দশকের ব্যবধানে অর্থনীতির কাঠামো বদলেছে। বেসরকারি খাত শিল্পায়নের বড় অংশের দায়িত্ব নিয়েছে। তৈরি পোশাক, ওষুধ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ইস্পাত, সিমেন্টসহ বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগ বেড়েছে। উদ্যোক্তারা নতুন প্রযুক্তি ব্যবহার করছেন, উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছেন এবং রপ্তানি বাজারেও প্রবেশ করছেন। অন্যদিকে রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের অনেকগুলো সময়ের সঙ্গে তাল মেলাতে পারেনি। ব্যবস্থাপনার দুর্বলতা, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, অনিয়ম-দুর্নীতি, প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগের অভাব এবং বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন পরিকল্পনা করতে না পারার কারণে প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা সক্ষমতা কমেছে।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কারখানাগুলোর আর্থিক চিত্রও উদ্বেগজনক। ২০২৩-২৪ অর্থবছরে এসব শিল্পপ্রতিষ্ঠানের সম্মিলিত লোকসান ছিল ২ হাজার ২৪৭ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে এই লোকসানের পরিমাণ ছিল ৮৮৪ কোটি টাকা। অর্থাৎ এক দশকে লোকসানের অঙ্ক বেড়েছে প্রায় আড়াই গুণ। কোনো বছরই সামগ্রিকভাবে এসব প্রতিষ্ঠান মুনাফা করতে পারেনি। এই লোকসান শুধু একটি প্রতিষ্ঠানের হিসাবের খাতায় সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে যুক্ত হয় সরকারের ঋণ, সুদ, ভর্তুকি, নতুন বিনিয়োগের চাপ এবং রাষ্ট্রীয় অর্থের বিকল্প ব্যবহারের সুযোগ হারানোর বিষয়টি। যে অর্থ দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো কিংবা নতুন শিল্পায়নে বিনিয়োগ করা যেত, তার একটি অংশ ব্যয় হচ্ছে পুরনো শিল্পপ্রতিষ্ঠানের দায় মেটাতে।
সরকার যে তিনটি পদ্ধতির কথা বলছে, সেগুলোর কোন পদ্ধতি কোন প্রতিষ্ঠানের জন্য উপযোগী, তা নির্ধারণ করা জরুরি। কারণ চিনিকল, রাসায়নিক কারখানা, সিমেন্ট কারখানা কিংবা ইস্পাত কারখানার উৎপাদনব্যবস্থা এক নয়। কোনো প্রতিষ্ঠানের বড় সমস্যা পুরনো যন্ত্রপাতি, কোনো প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ, আবার কোনো প্রতিষ্ঠানের সমস্যা বাজার ব্যবস্থাপনা ও উৎপাদন ব্যয়। তাই সব প্রতিষ্ঠানের জন্য একই ধরনের দরপত্র বা চুক্তির শর্ত কার্যকর হবে না। প্রতিটি কারখানার আর্থিক অবস্থা, সম্পদের মূল্য, উৎপাদন সক্ষমতা, বাজার সম্ভাবনা এবং ভবিষ্যৎ বিনিয়োগের চাহিদা যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে।
বেসরকারি খাতে কারখানা পরিচালনার উদ্যোগের সবচেয়ে বড় ঝুঁকি হতে পারে জমি ও স্থাপনার ব্যবহার। অনেক রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের অবস্থান শহর কিংবা শিল্পাঞ্চলের মূল্যবান এলাকায়। বছরের পর বছর উৎপাদন বন্ধ থাকলেও এসব প্রতিষ্ঠানের জমির বাজারমূল্য বেড়েছে। ফলে কোনো বিনিয়োগকারী প্রকৃতপক্ষে কারখানা চালানোর চেয়ে জমি ও সম্পদের প্রতি বেশি আগ্রহী হতে পারেন।
এই আশঙ্কা অমূলক নয়। কোনো কারখানার জমি ইজারা নিয়ে সেখানে শিল্প উৎপাদনের পরিবর্তে আবাসন, বাণিজ্যিক ভবন কিংবা অন্য ব্যবসা গড়ে তোলার সুযোগ তৈরি হলে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। এজন্য চুক্তিতে কয়েকটি বিষয় বাধ্যতামূলক করা যেতে পারে। প্রথমত, নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদন শুরু করতে হবে। দ্বিতীয়ত, কারখানার জমি ও স্থাপনা চুক্তির বাইরে অন্য কাজে ব্যবহার করা যাবে না। তৃতীয়ত, নির্দিষ্ট সময় পরপর উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের অগ্রগতি পর্যালোচনা করতে হবে। চুক্তির শর্ত ভঙ্গ হলে ইজারা বাতিল কিংবা ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা থাকতে হবে।
রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারি খাতে দেওয়ার আলোচনায় শ্রমিকদের ভবিষ্যৎ সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি। একটি কারখানার লোকসান কমানোর জন্য নতুন মালিক যদি কর্মীসংখ্যা কমিয়ে দেন, তাহলে উৎপাদন দক্ষতা বাড়লেও সামাজিক ও অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। তবে এটিও বাস্তবতা যে, অকার্যকর ব্যবস্থাপনা ও অতিরিক্ত জনবল দিয়ে কোনো প্রতিষ্ঠান দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব নয়। আবার শ্রমিকদের বাদ দিয়ে শুধু যন্ত্রপাতি আধুনিকায়ন করলেই টেকসই শিল্প গড়ে ওঠে না। সুতরাং দক্ষ জনবল, উৎপাদনশীলতা এবং শ্রমিকের ন্যায্য অধিকারÑ এই তিনটির মধ্যে ভারসাম্য প্রয়োজন।
বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তিতে শ্রমিকদের পাওনা পরিশোধ, চাকরির ধারাবাহিকতা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে। একই সঙ্গে নতুন প্রযুক্তি ব্যবহারের কারণে শ্রমিকের দক্ষতার যে পরিবর্তন প্রয়োজন, তার জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা দরকার।
সরকারি শিল্পকারখানায় দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। জাপানের মারুবেনি করপোরেশন দেশের কয়েকটি চিনিকল আধুনিকায়ন এবং বন্ধ চিনিকলে নতুন উৎপাদনকেন্দ্র স্থাপনে আগ্রহ দেখিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল এ বিষয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছে। বিদেশি বিনিয়োগ এলে শুধু অর্থের সংস্থান হবে, এমন নয়। এর সঙ্গে নতুন প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা, আন্তর্জাতিক বাজারের অভিজ্ঞতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির সুযোগও আসতে পারে। একই সঙ্গে দেশি বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ রাখতে হবে। দরপত্রে শুধু বিনিয়োগের অঙ্ক নয়, কারখানা পরিচালনার অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা, প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা এবং কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাবও বিবেচনায় নেওয়া উচিত। বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় প্রকৃত ব্যবসায়ীদের হাতে কারখানা দেওয়া হলে উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু বেসরকারিকরণের নামে প্রভাবশালী গোষ্ঠীর হাতে সম্পদ তুলে দিলে তা হিতে বিপরীত ফল দিতে পারে।
এখানে মালিকানা ও নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য বুঝতে হবে। সরকারকে সব কারখানার মালিক হতে হবে না, কিন্তু বাজারে প্রতিযোগিতা, পণ্যের মান, সরবরাহ এবং ভোক্তার স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারেরই থাকবে।
প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে কার্যকর করতে হবে। কোনো একটি বেসরকারি প্রতিষ্ঠান যেন কারখানা পরিচালনার দায়িত্ব পেয়ে বাজারে একচেটিয়া অবস্থান তৈরি করতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রায়ত্ত শিল্পের আরেকটি বড় সমস্যা ঋণের বোঝা। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কাছে সরকারের পাওনা বকেয়া ঋণ ও সুদের পরিমাণ ৮ হাজার ৬২৫ কোটি টাকা। বিসিআইসির কাছে এর পরিমাণ ৮ হাজার ২৩৬ কোটি টাকা এবং বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের কাছে ১৯৫ কোটি টাকা। এ ঋণ ও দায়ের নিষ্পত্তি কীভাবে হবে, তা বেসরকারি খাতে কারখানা হস্তান্তরের আগেই নির্ধারণ করা প্রয়োজন।
রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানার মালিকানা পরিবর্তন কোনো সহজ প্রশাসনিক সিদ্ধান্ত নয়। এটি দীর্ঘদিনের শিল্পনীতি, সরকারি সম্পদ ব্যবস্থাপনা, শ্রমবাজার এবং বিনিয়োগ পরিবেশের সঙ্গে যুক্ত। তাই শুধু দরপত্র আহ্বান করলেই সংস্কার সম্পন্ন হবে না। প্রথমে প্রতিটি কারখানার জন্য আলাদা সম্ভাব্যতা যাচাই করতে হবে। যেসব প্রতিষ্ঠান লাভজনক হওয়ার সুযোগ রাখে, সেগুলোকে আধুনিকায়নের মাধ্যমে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিতে হবে। যেসব প্রতিষ্ঠানের উৎপাদন আর অর্থনৈতিকভাবে টেকসই নয়, সেগুলোর জমি ও সম্পদ কীভাবে জনস্বার্থে ব্যবহার করা যায়, তা নির্ধারণ করতে হবে।
সরকারি কারখানা বেসরকারি খাতে দেওয়া হলে তা সফল হবে কি না, সেটি নির্ভর করবে কার হাতে দেওয়া হচ্ছে এবং কী শর্তে দেওয়া হচ্ছে তার ওপর। বিনিয়োগকারী যদি নতুন প্রযুক্তি আনেন, উৎপাদন বাড়ান, কর্মসংস্থান সৃষ্টি করেন এবং বাজারে প্রতিযোগিতা বাড়ান, তাহলে রাষ্ট্রের পাশাপাশি সাধারণ মানুষও লাভবান হবেন। কিন্তু কারখানার জমি ও সম্পদ ব্যবহারের সুযোগই যদি মূল আকর্ষণ হয়ে ওঠে, তাহলে লোকসানের বোঝা কমার বদলে রাষ্ট্রীয় সম্পদ হারানোর ঝুঁকি তৈরি হবে। তাই সঠিক বিনিয়োগকারীদের হাতে এসব কারখানা হস্তান্তর আবশ্যক। অন্যথায় আসল উদ্দেশ্য ব্যাহত হতে পারে।
লেখক: বিজনেস এডিটর, প্রতিদিনের বাংলাদেশ